১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, বাসে অগ্নিসংযোগ

এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 07:29 PM

Updated : 14 Nov 2026, 07:29 PM

গোপালগঞ্জ সদরে বাসের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিন পথচারী। এ ঘটনার পর বাসটি আটক করে আগুন দেন বিক্ষুব্ধ জনতা।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার চন্দ্রদিঘলিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান।

নিহত মহিবুল মোল্লার (৪৫) সদর উপজেলার গোয়ালা চন্দ্রদিঘলিয়া গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রদিঘলিয়া হাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন বলে জানান স্বজনরা।

ওসি রোকনুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি এসি বাস পথে বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে আরোহী মহিবুল ঘটনাস্থলেই মারা যান। মারাত্মক আহত হন আরও তিন পথচারী।

এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ফাল্গুনী পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে দেড় ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে ও বাসটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান ওসি।

আইনি প্রক্রিয়া শেষে বাইসাইকেল চালকের মৃতদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।