ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
আট দিন আগে কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার আট দিন পর সোমবার রাতে উপজেলার মনকাসাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কসবা থানার ওসি মোহাম্মদ আলী রাশেদ।
গ্রেপ্তার আল রাফি (২৮) উপজেলার কুটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
ওসি মোহাম্মদ আলী রাশেদ বলেন, ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার কুটি চৌমুহনী এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এতে মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এ সময় তাদেরকে ‘জয় বাংলা’ স্লোগানের পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের মুক্তির দাবিতে স্লোগান দিতে শোনা যায়।
বিক্ষোভের ওই ভিডিও পরে আল রাফি তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে কসবায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার আট দিন পর ওই বিক্ষোভের নেতৃত্বে দেওয়া রাফিকে গ্রেপ্তার করল পুলিশ।
