০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বরিশালে দিনে মিছিল, রাতে ছাত্র-যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

আগৈলঝাড়ার ৭ নেতাকর্মীকে নাশকতার মামলায় পাঠানো হয়েছে কারাগারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Nov 2026, 09:37 PM

Updated : 07 Nov 2026, 09:37 PM

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় দুপুরে সড়কে মিছিলের পর রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার নাশকতার মামলায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বাকাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. অলিউল সর্দার (৩৫), উপজেলা ছাত্রলীগের সদস্য রবিউল সর্দার (২৩) ও মো. রাব্বি মৃধা (৩০), গৈলা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি কামরুল সর্দার (৪৩), গৈলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল সর্দার (৩৮), উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার সর্দার (৬০) এবং মো. রাজিব সর্দার (৩০)।

মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে আগৈলঝাড়া-গৌরনদী সড়কের বাকাল ইউনিয়নের পূর্ব পয়সা এলাকায় কবির বখতিয়ারের বাড়ির সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই মিছিলকারীদের বিরুদ্ধে থানার এসআই মাসুদুর রহমান বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলায় গ্রেপ্তার সাতজন ছাড়াও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান ওসি মাসুদ খান। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।