২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা, গাড়ি ভাঙচুর

পরে পুলিশ ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 12:37 PM

Updated : 29 Nov 2026, 12:37 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেইসবুকের কয়েকটি অ্যাকাউন্ট থেকে করা লাইভে অবরোধ চেষ্টাকারীরা নিজেদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে পরিচয় দিতে দেখা যায়।

শনিবার রাত ১১টার দিকে এ ঘটনায় মহাসড়কের উভয়দিকে যানজটের সৃষ্টি হয় বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইন।

পরে পুলিশ ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে একদল লোক। তারা মহাসড়কে গাছের গুড়ি ফেলে যানবাহন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

ওসি মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।