০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত আলভারেস

গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর প্রথমবার দলটির মুখোমুখি হচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্সেলোনার বিপক্ষে খেলতে প্রস্তুত আলভারেস

হুলিয়ান আলভারেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 12:26 AM

Updated : 08 Nov 2026, 12:26 AM

সংবাদ সম্মেলনে হুলিয়ান আলভারেসকে নিয়ে প্রশ্নে খুব ছোট করে উত্তর দিলেন দিয়েগো সিমেওনে। একই সঙ্গে আতলেতিকো মাদ্রিদ কোচ বুঝিয়ে দিলেন, গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেও, কাতালান দলটির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত জুনে ইএসপিএন-কে আলভারেস জানান, আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান তিনি। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছিল যে, তার প্রথম পছন্দ ছিল বার্সেলোনায় যোগ দেওয়া।

তবে আতলেতিকো তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে আলভারেসকে ছাড়তে রাজি হয়নি। তারা ১০ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে, যার ফলে শেষ পর্যন্ত মেত্রোপলিতানোতেই থেকে যান ২৬ বছর বয়সি ফুটবলার।

সেই নাটকীয় অধ্যায় শেষ হওয়ার পর প্রথমবার বার্সেলোনার মুখোমুখি হচ্ছেন আলভারেস। মাদ্রিদে রোববার মুখোমুখি হবে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল, যাদের মধ্যে ব্যবধান কেবল ২ পয়েন্টের।

বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য আলভারেস প্রস্তুত কি না- শনিবারের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সিমেওনে ছোট করে বলেন, “সে খুব ভালো করছে।”

মৌসুমের শুরুতে ক্লাব ছাড়ার চেষ্টার কারণে আতলেতিকো সমর্থকদের দুয়োধ্বনির মুখে পড়েছিলেন আলভারেস। তবে পরবর্তীতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।

গ্রীষ্মের সেই ঘটনার জেরে মৌসুমের শুরুতে তিনি খুব কমই খেলার সুযোগ পান। তবে বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে, আতলেতিকোর সবশেষ চার ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং দুটি গোলও করেছেন।

১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে শিরোপাধারী বার্সেলোনা। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আতলেতিকো।

গত মৌসুমে লিগে দুইবারের দেখাতেই জিতেছিল বার্সেলোনা। তবে কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ-দুটি প্রতিযোগিতা থেকেই ফ্লিকের দলকে বিদায় করে দিয়েছিল আতলেতিকো।