‘বার্সেলোনা ম্যাচ আলভারেসের জন্য হবে স্পেশাল’
কয়েক মাস আগে যে ক্লাবে যেতে মরিয়া হয়ে উঠেছিলেন, তাদের বিপক্ষেই এবার গোল করে দলকে জেতানোর চ্যালেঞ্জ এই আর্জেন্টাইনের সামনে।
হুলিয়ান আলভারেসের বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা প্রকাশ, ক্লাবটির কাছে তাকে বিক্রি না করতে আতলেতিকো মাদ্রিদের অনড় অবস্থান এবং একরকম বাধ্য হয়ে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের মাদ্রিদে থেকে যাওয়া-গত কয়েক মাসে এমন সব ঘটনায় আলোচনার কেন্দ্রে ছিলেন আলভারেস। এবার সেই কাতালান ক্লাবটির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন তিনি। ম্যাচটি তার জন্য বিশেষ কিছু হয়ে উঠবে বলে মনে করেন আতলেতিকোর সভাপতি এনরিকে সেরেসো।
গত বিশ্বকাপ চলার মাঝে অন্য ক্লাবে যাওয়ার ইচ্ছা আতলেতিকোকে জানিয়ে দেন আলভারেস। তাতে ক্লাবের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে।
পরে আলভারেসকে দলে নিতে জোর চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু কোনোভাবেই তাকে তাদের কাছে বিক্রি করতে রাজি হয়নি আতলেতিকো। বরং গোপনে এই খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করায় বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ আনে আতলেতিকো, সেজন্য ইতোমধ্যে শাস্তিও পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
পরে সমর্থকদের কাছে ক্ষমা চান আলভারেস এবং ধীরে ধীরে ক্লাবে তাকে ঘিরে সবকিছু শান্ত হতে শুরু করেছে। গত মাসে টানা দু্ই ম্যাচে গোলও করেন তিনি।
তবে বার্সেলোনার বিপক্ষে আসছে ম্যাচটি দলের জন্য যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি তার জন্যও অনেক বড় ব্যাপার। যে দলে নাম লেখাতে মরিয়া হয়ে উঠেছিলেন, তাদের বিপক্ষেই আবার যেন নতুন করে আতলেতিকোর প্রতি আনুগত্যের প্রমাণ দিতে হবে তাকে।
আতলেতিকো প্রধান সেরেসো অবশ্য বিষয়টাকে ওভাবে দেখছেন না।
“তার জন্য ম্যাচটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কিন্তু আমার মতে, সে তো ইতোমধ্যে ক্ষমা চেয়েছে, সে বলেছে যে সে ভুল করেছে। তাই এখন কেবল তার নিজের খেলাটা খেলতে হবে এবং আতলেতিকো মাদ্রিদের জন্য খেলতে হবে।”
বাংলাদেশ সময় রোববার রাত দুইটায় আতলেতিকোর মাঠে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। তখন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা আলভারেসের বিষয়ে জানতে চাইলে কী বলবেন, এমন প্রশ্নের উত্তরে সেরেসা বলেন, “তিনি তার জবাব পাবেন।”
এবারের লা লিগায় এখন পর্যন্ত ১১ রাউন্ডে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ।
