‘তুই এ ধরনের পোস্ট করবি কী জন্য’, ‘আওয়ামী লীগ কর্মীকে’ এনসিপি নেত্রীর চড়
এনসিপি নেত্রীর দাবি, ওই তরুণ তার ফেইসবুক পোস্টে বাজে মন্তব্য করেছেন।
“তুই এ ধরনের পোস্ট করবি কী জন্য, তোর মা-বোন আছে?” এ কথা বলতে বলতে চট্টগ্রামে এক ব্যক্তিকে চড় থাপ্পড় মারছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী তানিয়া আমিন।
চট্টগ্রাম মহানগর এনসিপির সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া মঙ্গলবার রাতে নিজের ফেইসবুক পেজে এ ধরনের একটি ভিডিও পোস্ট করেছেন; যার ক্যাপশনে তিনি লিখেছেন, “নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়”।
পরে খোরশেদ আলম নামে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার রাতের এই ঘটনার কয়েক ঘণ্টা পর ভিডিওটির ব্যাখ্যা দিয়ে তানিয়া আমিন লেখেন- “ভিডিওতে আমি একজন চিহ্নিত আওয়ামী লীগের দোসরের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। কারণ কিছুদিন আগে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির কারণে আমি একটা ভিডিও মাধ্যমে আমার ক্ষোভ প্রকাশ করি। ভিডিওটি লীগের দোসর নিজের ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে আপলোড করে খুব বাজেভাবে এবং খুব বাজে ভাষায়। এর পরিপ্রেক্ষিতে, আজ তার কাছে এ বিষয় জানতে চাইলে সে আরও খারাপ ব্যবহার করে।
“তাকে পুলিশে সোপার্দ করার পর তার পারিবারিক কথা চিন্তা করে মুচলেচা নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই আমি। এরপর পুলিশ তার ফোন চেক করে আওয়ামী লীগের যত ঝটিকা মিছিল হয় তার সাথে সম্পৃক্ততার প্রমাণ পায়। সে নাকি বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। যার ফলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।”
পুলিশ বলছে, ঘটনাটি মঙ্গলবার রাতে বাকলিয়া থানা এলাকায়। খোরশেদ আলম নামে ওই ব্যক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
বাকলিয়া থানার ওসি শাহীনুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খোরশেদ এনসিপি নেত্রীর ছবি দিয়ে ফেইসবুকে লেখালেখি করেছিল। সেই থেকে এ ঘটনা। খবর পেয়ে আমরা তাকে হেফাজতে নিয়ে এসেছিলাম।
“পরে তার মোবাইল ফোন চেক করে দেখা গেছে বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল ও অনুষ্ঠান সংগঠিত করতে সে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার কোন পদ পদবীর তথ্য আমরা পাইনি। তবে সে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সেটা আমরা নিশ্চিত।”
ফেইসবুকে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে, তানিয়া আমিন তার কয়েকজন সহযোগী নিয়ে বাকলিয়ায় একটি লন্ড্রিতে যান। সেখানে গিয়ে খোরশেদের গালে চড় ও গালি দিয়ে তাকে বলতে শোনা যায়, “তোর মা-বোন আছে? তুই এ ধরনের পোস্ট করবি কেন?”
এ সময় খোরশেদও তার দিকে এগিয়ে এলে তানিয়ার সঙ্গে লোকজন তাকে কিল ঘুষি মারতে থাকে। এর মেধ্যে কয়েকজন তানিয়াকে নিভৃত করার চেষ্টা করে দোকান থেকে বের করে আনার চেষ্টা করেন।
ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর সেখানে একটি পুলিশের গাড়ি আসে। এ সময় তানিয়া পুলিশকে বলতে শোনা যায়, “বিদ্যুৎ ও গ্যাস নিয়ে আমার বাসা থেকে প্রতিবাদ স্বরূপ একটি ভিডিও করেছিলাম। সে খুব নোংরাভাবে এটা পোস্ট করছে।”
