‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবেন’, পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি
বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবেন’, ফেইসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পর সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান।
আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার তার স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাকে সিলেট থেকে ঢাকায় নিয়ে যান।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সার্বিক খোঁজ-খবর রাখা হচ্ছে।
শুক্রবার রাতে আরিফুর রহমান তার দাপ্তরিক ফেইসবুক পেইজে পর পর দুটি পোস্ট দেন। একটিতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবেন।”
অন্যটিতে লেখেন, “আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।”
এসব পোস্ট দেখে পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা তার বাসায় যান।
জামালগঞ্জের ইউএনও শিল্পী রানী মোদকম বলেন, শুক্রবার রাতে তার তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে স্ত্রীসহ উপস্থিত ছিলেন আরিফুর রহমান। অনুষ্ঠান থেকে বের হওয়ার পর তিনি ফেইসবুক পোস্ট দেন। পরে তার বাসায় গিয়ে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। তিনি পরিচিত ব্যক্তিদেরও চিনতে পারছিলেন না। এর আগে বাসায় থাকা এক আনসার সদস্যকে মারধর এবং টেবিলের কাচ ভাঙার ঘটনাও ঘটে।
পরে ঘুমের ওষুধ দেওয়ার পরও তার আচরণের পরিবর্তন না হওয়ায় স্ত্রী তাকে সিলেটে নিয়ে যান। প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
ইউএনও শিল্পী রানী মোদক বলেন, প্রথমে আরিফুর রহমানের মোবাইল ফোন হ্যাক হওয়ার কথা শোনা গেলেও পরে তার স্ত্রী জানান, ফোন হ্যাক হয়নি। আরিফুর রহমান নিজেই পোস্টগুলো দিয়েছিলেন। পরে তার স্ত্রী পোস্টগুলো মুছে দেন।
আরিফুর রহমান শান্ত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রায় দুই মাস আগে তিনি জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। সেখানে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
