২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘সন্দেহ নির্মূল করতেই’: শ্রীদেবীর মরদেহ ফেরাতে দেরি হওয়ার কারণ জানালেন সাবেক রাষ্ট্রদূত

শ্রীদেবীর মৃত্যুর আট বছর পরেও এখনো তাকে ঘিরে রহস্য ও নানা জল্পনা যেন পুরোপুরি থামেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Nov 2026, 10:45 AM

Updated : 28 Nov 2026, 10:48 AM

২০১৮ সালের ফেব্রুয়ারিতে মারা যান অভিনেত্রী শ্রীদেবী। দুবাইয়ের এক হোটেলে স্নান করতে গিয়ে দুর্ঘটনাবশত মারা যান তিনি। তার মৃত্যু এত আকস্মিক ছিল যে, তার মৃত্যুর প্রকৃত ‘কারণ’ নিয়ে ছিল ধোঁয়াশা। এমনকি শ্রীদেবীর মৃত্যুর আট বছর পর এখনো তাকে ঘিরে রহস্য ও নানা জল্পনা যেন পুরোপুরি থামেনি।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘দ্য ওয়াল’ একটি প্রতিবেদন জানিয়েছে মৃত্যুর পর শ্রীদেবীর মরদেহ ভারতে ফিরিয়ে আনতে দেরী হওয়ার কারণ। তৎকালীন ভারতীয় কূটনৈতিক জানালেন, সকলের ‘সন্দেহ নির্মূল করতেই’ তদন্তের সময় বাড়ানো হয়েছিল।

নভদীপ সিং সুরি সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তখন তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে ছিলেন। ২০১৮ সালে শ্রীদেবীর প্রয়াণকালে সুরী ছিলেন দুবাইয়ে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বে।

তার দাবি, কোনো ষড়যন্ত্র ছিলনা; গণমাধ্যমের অতিরিক্ত জল্পনাই পরিস্থিতিকে জটিল করে তুলেছিল।

সুরী জানান, শ্রীদেবীর মৃত্যুর খবর আসার সাথে সাথে সব কাজ ফেলে তিনি যোগাযোগ করেন অভিনেত্রীর স্বামী বনি কাপুরের সঙ্গে। অভিনেত্রীর পরিবারের সদস্যরা দ্রুত তার দেহ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রদূতের কাছে অনুরোধ করেছিলেন।

তারা ভেবেছিলেন আইনি আনুষ্ঠানিকতা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাবে। তবে অভিনেত্রীর মৃত্যুতে তদন্ত করতে গিয়ে সময় লাগছিল বেশি।

বনিকাপুরসহ সকলের বক্তব্য নেওয়া, পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছিল। ততক্ষণে ভারতীয় মিডিয়া ব্যাপারটাকে ‘রহস্যজনক’ উল্লেখ করে জলঘোলা করতে থাকে।

সংবাদমাধ্যমের প্রতি ক্ষোভ প্রকাশ করে সুরী বলেন, সকলের শঙ্কা দূর করতেই তদন্ত আরও কঠোর করা হয় - যেন প্রমাণে কোন খামতি না থাকে। শেষ পর্যন্ত তিনিই প্রকাশ্যে এসে সবকিছু ব্যাখ্যা করেছিলেন।

মাত্র ৫৪ বছর বয়সেই বলিউড সুপারস্টার শ্রীদেবী চলে যান আকস্মিকভাবে। ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে এই শিল্পী বলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। অভিনয়গুণ, চরিত্র নির্বাচন, অনুপম নৃত্যের অসাধারণ উপস্থাপনায় তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি।

প্রথমে ধারণা করা হয়েছিল তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। পরে জানা যায়, স্নানের সময় অচেতন হয়ে পানিতে ডুবে ফুসফুসে পানি ঢুকে গিয়েছিল। তবে তার স্বামী প্রযোজক বনি কাপুর ধারণা করেছিলেন, অতিরিক্ত ডায়েটের কারণে অজ্ঞান হয়ে শ্রীদেবী মারা গেছেন। কারণ তিনি নিজের শারীরিক সৌন্দর্য ধরে রাখতে প্রায়ই না খেয়ে থাকতেন।

অভিনয় এবং নাচ দিয়ে গত শতকের আশি ও নব্বইয়ের দশকের হিন্দি সিনেমার দর্শকদের মাতিয়ে রেখেছিলেন নায়িকা শ্রীদেবী। ১৯৭৯ সালে তামিল সিনেমা ‘ষোলওয়া শাওন’ দিয়ে তার অভিনয়ে অভিষেক। তবে শ্রীদেবী ব্যাপক জনপ্রিয়তা পান ১৯৮৩ সালে ‘হিম্মতওয়ালা’ মুক্তির পর।

তার শেষ কাজ ছিল ‘মম’। ২০১৮ সালে ‘৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার’-এ এই চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান শ্রীদেবী। মরনোত্তর তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল। বলিউড চলচ্চিত্রের বিশিষ্ট এই অভিনেত্রী একাধিক পুরস্কার পেলেও জীবদ্দশায় জাতীয় পুরস্কার পাননি।

আরও পড়ুন:

চলে গেলেন শ্রীদেবী (১৯৬৩-২০১৮)

অবশেষে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানালেন বনি কাপুর

‘বিশ্বাস করতে পারছি না শ্রীদেবী আর নেই’

শ্রীদেবী ছিল আমার শক্তি, জীবন এবং হাসির কারণ: বনি কাপুর

সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পাচ্ছেন শ্রীদেবী

অস্কার মঞ্চে স্মরণ করা হল শ্রীদেবী-শশী কাপুরকে

স্টিভেন স্পিলবার্গকে কেন ‘না’ বলেছিলেন শ্রীদেবী?