স্টিভেন স্পিলবার্গকে কেন ‘না’ বলেছিলেন শ্রীদেবী?
‘জুরাসিক পার্ক’ সিনেমায় একটি চরিত্রের জন্য পরিচালক স্পিলবার্গ চেয়েছিলেন শ্রীদেবীকে । ১৯৯৩-এ খ্যাতির মধ্যগগনে থাকা এই অভিনেত্রী ফিরিয়ে দিয়েছিলেন সেই প্রস্তাব ।
বলিউড সুপারস্টার শ্রীদেবী চলে গেলেন আকস্মিকভাবে মাত্র ৫৪ বছর বয়সেই ।
৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে এই শিল্পী বলিউডে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন ।
অভিনয়গুণ, চরিত্র নির্বাচন, অনুপম নৃত্যের অসাধারণ উপস্থাপনায় তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি । আড়ালে বলিউডে তাকে ডাকা হতো ‘নারী অমিতাভ বচ্চন’ !
ছবি নির্বাচনের ক্ষেত্রেও তিনি ছিলেন ভীষণ খুঁতখুঁতে । ১৯৯৩ সালে হলিউডের বিশিষ্ট চিত্রপরিচালক স্টিভেন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’ ছবির জন্য একটি ছোটো চরিত্রে চেয়েছিলেন এই ‘স্বপ্ন সুন্দরী’কে ।
‘লমহে’, ‘খুদা গাওয়া’ ইত্যাদি সিনেমায় অভিনয় করে তখন এই অভিনেত্রী খ্যাতির মধ্যগগনে । ১৯৯৩-এই ‘খুদা গাওয়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, স্পিলবার্গের ‘জুরাসিক পর্ক’-এর ঐ ছোট্ট চরিত্রটিতে ‘তেমন কোনো অভিনয়ের সুযোগ ছিলনা’ মনে করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী ।
শুধু স্টিভেন স্পিলবার্গ নয়, এর কয়েকবছর পর শাহরুখ খানের বিপরীতে ‘ডর’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফিরিয়ে দেন তিনি ।
তিনি বলেছিলেন, “আমার মনে হয়,‘চাঁদনি’,‘লমহে’ ইত্যাদি সিনেমার পর ‘ডর’ –এর ঐ চরিত্রটি আমার জন্য খুবই সাধারণ ।
যদি আমি শাহরুখের চরিত্রটিতে কাজের সুযোগ পেতাম, অবশ্যই করতাম, অনেক ভালোবেসে করতাম ।
নবাগতা জুহি’র জন্য ওটা ভালো ছিল । আমি অনেক আগেই এধরনের কাজ করে ফেলেছি ।”
বোঝাই যায় সিনেমা নির্বাচন, চরিত্র নির্বাচনের ক্ষেত্রে তিনি কতটা ভেবেচিন্তে কাজ করতেন ।
সেই কারণেই হয়তো বৈচিত্র্যময় এ অভিনয়শিল্পী ১৯৯৭ সালে ‘জুদাই’ চলচ্চিত্র মুক্তির পর দীর্ঘ বিরতি নেন।
২০১২ সালে আবার চলচ্চিত্রে ফিরে আসেন ‘ইংলিশ ভিংলিশ’ নিয়ে।
