২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্বামী-স্ত্রীকে বেঁধে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, পরে স্বামীর মৃত্যু

গভীর রাতে অটোরিকশার গ্যারেজে হানা দেয় ১০-১২ জনের ডাকাত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 05:54 PM

Updated : 23 Nov 2026, 05:54 PM

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ সময় গ্যারেজের মালিক ও তার স্ত্রীকে রশি দিয়ে বেঁধে দুটি অটোরিকশা, ৬১টি ব্যাটারি ও ১৯টি চার্জার নিয়ে যায় ডাকাতেরা।

রোববার মধ্যরাতে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটাভোগ গ্রামে ওহিদুর রহমান জিঠুর অটোরিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীনগর থানার ওসি মো. আতাউর রহমান।

এ ঘটনার পর মারা গেছেন গ্যারেজ পরিচালনাকারী অহিদুল্লাহ (৫৪)। তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুলাতলী গ্রামে। প্রায় তিন মাস ধরে গ্যারেজটি ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রী হোসনা খাতুনকে নিয়ে সেখানে থাকতেন।

নিহতের স্ত্রী হোসনা খাতুন বলেন, রাতের দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল গ্যারেজের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দুজনকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। অহিদুল্লাহ চিৎকার করার চেষ্টা করলে ডাকাতেরা তার মুখও কাপড় দিয়ে বেঁধে দেয়।

তিনি বলেন, ডাকাতরা মালামাল লুট করার একপর্যায়ে তার স্বামী নিস্তেজ হয়ে পড়েন। পরে এক ডাকাত এসে অহিদুল্লাহর মুখের কাপড় খুলে নাকের কাছে হাত দিয়ে শ্বাস পরীক্ষা করে। তার সাড়াশব্দ না পেয়ে ডাকাতরা লুট করা মালামাল পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায়।

পরে তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে অহিদুলকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের প্রথম পক্ষের ছেলে মো. সাইফুল বলেন, প্রায় সাত-আট বছর ধরে তার বাবা তাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। বাবার মৃত্যুর খবর পেয়ে তিনি শ্রীনগর থানায় এসেছেন। লাশ নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে বলে তাকে জানানো হয়েছে।

ওসি মো. আতাউর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।