০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় ‘চুরির অপবাদে’ ভারসাম্যহীন বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 06:41 PM

Updated : 06 Nov 2026, 06:59 PM

গাইবান্ধা সদরে ‘চুরির অপবাদ’ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়েছে।

নির্যাতনের শিকার ৬৫ বছর বয়সি ওই নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার চার দিন পর শুক্রবার ওই নারীর ছেলে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন গাইবান্ধা সদর থানার ওসি নাজমুল হুদা।

আসামি সাদা মিয়া (৩৫) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তর বালাআটা গোবিন্দপুর গ্রামে প্রয়াত দারোগ আলীর ছেলে।

অভিযোগ থেকে জানা গেছে, সোমবার সাদা মিয়া ওই নারীকে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে চুরির অপবাদ দিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে লোহার রড দিয়ে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

শুক্রবার নির্যাতনের একটি ভিডিও ফেইসবুকে ছড়ালে বিষয়টি জানাজানি হয়।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই নারীকে গাছের সঙ্গে দুই হাত ও পা রশি দিয়ে বেঁধে পেটানো হচ্ছে। ভিডিওতে ওই নারীকে একের পর এক আঘাত করতে দেখা যায়। নির্যাতনের সময় ওই নারী চিৎকার করেন।

ওসি নাজমুল হুদা বলেন, নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।