মানিকগঞ্জে কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনা নাগরিক কারাগারে
রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি ভাড়াবাসা থেকে কিশোরীকে উদ্ধার ও চীনা নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।
মানিকগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় চীনের এক নাগরিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকালে আসামিকে আদালতে তোলা হলে বিচারক দোলন বিশ্বাস কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান।
মঙ্গলবার মধ্যরাতে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
কারাগারে যাওয়া চেন ইয়ং (৪১) ওই সেক্টরের ৪ নম্বর রোডের ২৩ নম্বর শাহারা র্যাপসোডিয়া বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি জুলুস খান বলেন, নির্যাতনের শিকার কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
আদালত থেকে জানা গেছে, ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই ছাত্রী। এরপর তাকে না পেয়ে পরদিন ওই ছাত্রীর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার মধ্যরাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই ছাত্রীকে উদ্ধারসহ চীনা নাগরিক চেন ইয়ংকে গ্রেপ্তার করেন। পরে তাদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় চেন ইয়ংকে গ্রেপ্তার দেখিয়ে বিকালে আদালতে পাঠানো হয়।
পুলিশ পরিদর্শক জুলুস খান বলেন, নির্যাতনের শিকার মেয়েটির শারীরিক পরীক্ষা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
