২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশিল্পের ন্যূনতম মজুরি পুনর্বিবেচনার দাবি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের

গার্মেন্ট শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 11:27 PM

Updated : 25 Nov 2026, 11:27 PM

তৈরি পোশাক খাতের নতুন ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

বুধবার সংগঠনটি নিম্নতম মজুরি বোর্ড নির্ধারিত নতুন বেতন কাঠামোর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করে।

সমাবেশে নেতারা শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, শিল্পের উৎপাদনশীলতায় শ্রমিকদের অবদান এবং দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে দাবি করে।

তারা নতুন এ কাঠামো পুনর্বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকদের বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি জানায়।

মঙ্গলবার গভীর রাতে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করে নিন্মতম মজুরি বোর্ড।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সিপিবির গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষিত মজুরি সম্পর্কে শ্রমিকদের আপত্তির কথা জানানো হয়।

সংগঠনের সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরে গার্মেন্ট শ্রমিকরা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করে আসছে। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যাতায়াতসহ জীবনধারণের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বেড়েছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পক্ষে পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। এই বাস্তবতায় ঘোষিত মজুরি প্রস্তাবনা শ্রমিকদের জীবন-জীবিকার সংকট নিরসনে মোটেই যথেষ্ট নয়।

“বিদ্যমান আইন অনুসারে গত দুই বছরে যুক্ত হওয়া ইনক্রিমেন্টসহ স্বাভাবিকভাবে আগামী জানুয়ারিতে যে মজুরি শ্রমিকের প্রাপ্য হবে তার সাথে ঘোষিত মজুরির পার্থক্য খুব বেশি নয়।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জলি তালুকদার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন।

সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকার

সড়ক প্রদক্ষিণ করে।