উত্তরায় উচ্ছেদ অভিযানে ‘ঘুষ নেওয়ার’ অভিযোগ তুলে ম্যাজিস্ট্রেটকে হেনস্তা
“হকারদের জরিমানা করার পর রিসিট দিতে দেরি হওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়,” উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ।
রাজধানীর উত্তরায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় ‘ঘুষ নেওয়ার’ অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে।
পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ গিয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে ডিএনসিসির একটা টিম গিয়েছিল হকার উচ্ছেদ অভিযানে। হকারদের জরিমানা করার পর রিসিট দিতে দেরি হওয়ায় ভুল বোঝাবুঝি তৈরি হয়।
“পরে কিছু লোকজন সেখানে জড়ো হয়ে উত্তেজনা তৈরি করে। পুলিশের টিম সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”
এ বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমাকে ফোন করা হলে তিনি কেটে দেন।
