ফতুল্লায় পুলিশ সদস্য খুন: গুলিবিদ্ধ ‘ডেভিড’ হাসপাতালে, ৫ জন রিমান্ডে
নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ সদস্য হত্যা মামলায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে পাঁচজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। পালাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ গ্রেপ্তার অপর আসামি হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার বিকালে আসামিদের আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক পাঁচ দিনের জন্য মঞ্জুর করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, গ্রেপ্তার রিয়াজ ওরফে ডেভিড হাসপাতালে চিকিৎসাধীন। বাকি পাঁচজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ ও এসআরবি।
পাঁচজনকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা কনস্টেবল আনোয়ারের ওপর হামলা চালায়।
তাকে দুই দফা মারধর করা হয়। ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিতের পর তাকে রাস্তায় ফেলে রেখে যায় আসামিরা।
“ঘটনার সময় পুলিশ সদস্য ছিলেন মাত্র দুজন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেরা বিপদে পড়ার ভয়ে হামলা চালায়। তারা তো মাদকাসক্ত এবং উঠতি বয়সের। তাদের পুলিশের ওপর অ্যাসল্ট করার অভিজ্ঞতা আগেও ছিল। যার কারণে তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে,” বলেন হাসিনুজ্জামান।
