২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ছুরিকাঘাতে কনস্টেবল খুন: আসামি অজ্ঞাতপরিচয়

সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 08:26 PM

Updated : 23 Nov 2026, 08:26 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় মামলা করা হয়েছে।

সোমবার ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছেন একই থানার এসআই মো. রফিক। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও হত্যাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও ছাড়াও গোয়েন্দা নজরদারির মাধ্যমে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিহত আনোয়ার মোল্লা (৩২) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওন মোল্লা ও হাবিয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এএসআই আব্দুস ছাত্তারের নেতৃত্বে সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে যান কনস্টেবল আনোয়ার মোল্লা। এ সময় একদল লোক তাদের ওপর হামলা চালায়। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার।

পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আট বছর ৯ মাস চাকরি করেছেন।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে ‘তথ্য সংগ্রহে গিয়ে’ ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল খুন