গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
গাজীপুর নগরের ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে গাছা থানার এসআই সৈয়দ শেখ মনির জানিয়েছেন।
নিহত কার্তিক ‘ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল’ কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশনের’ গাছা এলাকার আহ্বায়ক রাকিব খান।
তিনি বলেন, “কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় ফিরছিলেন কার্তিক। পথে শাহরিয়ার গার্মেন্টস্-এর গলিতে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে।
“পরে তাকে উদ্ধার করে স্থানীয় তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এসআই সৈয়দ শেখ মনির বলেন, “মরদেহের বাম উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।
