জুরাইনে ‘ছুরিকাঘাতে’ স্যানিটারি মিস্ত্রি নিহত
সুমনের বড় বোন সালমা আক্তার বলেন, “সে মাঝেমধ্যে বলত, ‘আমাকে মেরে ফেলবে’।”
ঢাকার জুরাইন এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবারুণ গলিতে এ ঘটনা ঘটে বলে কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল জানিয়েছেন।
নিহত ব্যক্তির নাম সুমন মিলন ওরফে মিন্টু (৪০)। তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার চরফতে বাহাদুর গ্রামের বাসিন্দা। সুমন পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মোকামপাড়া মসজিদসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মিঠুন মণ্ডল বলেন, ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
“ধারণা করা হচ্ছে, ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়দের জিজ্ঞাসা করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।”
এসআই মিঠুন মণ্ডল জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত সুমনের বড় বোন সালমা আক্তার বলেন, “গত কয়েক দিন ধরে সুমন বেশ চুপচাপ থাকত। তার ভেতরে কোনো দুশ্চিন্তা কাজ করছিল কি না, তা আমরা বুঝতে পারিনি। তবে সে মাঝেমধ্যে বলত, ‘আমাকে মেরে ফেলবে’।”
