১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওউনোর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা প্রাপ্য নয়’, বললেন পিকে

জেরার্দ পিকে বুঝতেই পারছেন না, এত বড় শাস্তি কেন দেওয়া হলো এই গোলরক্ষককে- মাঠে করা ফাউল নাকি পরবর্তীতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য।

‘ওউনোর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা প্রাপ্য নয়’, বললেন পিকে

জেরার্দ পিকে। ছবি: বার্সেলোনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 05:34 PM

Updated : 17 Nov 2026, 05:34 PM

হেসুস দে মিগেলের মৃত‍্যুর পর, তাকে বিপজ্জনকভাবে ফাউল করার ঘটনায় গোলরক্ষক হেসুস ওউনোকে যে ১২ ম‍্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা ঠিক মানতে পারছেন না তার ক্লাব এফসি আন্দররার মালিকদের একজন জেরার্দ পিকে। তার মতে, ইকুয়েটোরিয়াল গিনির এই গোলরক্ষকের এত বড় শাস্তির প্রাপ্য নয়।

স্পেনের দ্বিতীয় বিভাগে গত ২ নভেম্বর তেনেরিফে ও এফসি আন্দররার ম্যাচে মাঠের মাঝখানে বল ক্লিয়ার করার চেষ্টায় বিপরীত দিক থেকে দৌড়ে এসে দে মিগেলের বুকে আঘাত করে বসেন ওউনো। ওই ফাউলের জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে পরদিন হাসপাতালে মারা যান ৩০ বছর বয়সি দে মিগেল।

ঘটনার ১২ দিন পর, তদন্ত শেষে ওউনোর বিরুদ্ধে ‘খেলার মাঝে প্রতিপক্ষের প্রতি সহিংস আচরণের’ অভিযোগ আনে রয়‍্যাল স্প‍্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। আর বিধির ৫২ ধারা অনুযায়ী, জরিমানাসহ সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় ওউনোকে।

খেলার মাঝে ঘটে যাওয়া একটা ঘটনায় এত বড় শাস্তি কোনোভাবেই যৌক্তিক মনে করেন না পিকে। সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন. অতীত ও বর্তমানের খেলোয়াড়রা এবং কোচ ও অন্যান্য গোলরক্ষকরাও মনে করেন ওটা ‘একটা দুর্ঘটনা ছিল।’

পিকের মতে, ওউনোকে শাস্তি দেওয়ার জন্য শৃঙ্খলা কমিটি কেবল মাঠের ঘটনাটিই বিবেচনায় নিতে পারতেন, পরবর্তীতে ঘটে যাওয়া মর্মান্তিক পরিণতি নয়।

শাস্তির ঘোষণার পর, তেনেরিফের কোচ আলভারো কের্ভেরা বলেন, তিনি বুঝতে পারছেন যে যা কিছু হয়েছে সেসবের জন্য আইন করা হয়নি, আর এখন এই শাস্তি দেওয়া হয়েছে হয়তো পরিস্থিতি ‘একটু শান্ত করতে।’

স্প্যানিশ ফুটবলে কিছুদিন আগে ঘটে যাওয়া এক ঘটনার কথাও উল্লেখ করেন পিকে। স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে, আলবাসেতের উইঙ্গার হোসে কর্পাস দুর্ঘটনাবশত সাবাদেলের মিডফিল্ডার কুয়াদ্রি লিয়ামিদের মাথায় লাথি মেরে বসেন। নাইজেরিয়া ফুটবলার লিয়ামিদ জ্ঞান হারিয়ে ফেলেন, তবে সৌভাগ্যবশত খারাপ কিছু ঘটেনি, পরে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনায় কর্পাসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়, এবং পরে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

ঘটনাটির উদাহরণ টেনে পিকে বলেন, “সৌভাগ্যবশত কুয়াদ্রি ভালো আছে, (ফাউলের) ঘটনাটি প্রাণঘাতী ছিল না, আর তাই কমিটি কর্পাসকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

“সবকিছু দেখে আমার ভাবনা হলো, শাস্তিটি আসলে কি কারণে দেওয়া হলো, ওই ঘটনা নাকি এর পরিণতিতে?”

জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন ওউনো। তবে দে মিগেলের মৃত‍্যুর পর চলতি আন্তর্জাতিক বিরতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইকুয়েটোরিয়াল গিনির দুটি ম্যাচের জন্য দলে ডাক পাননি ২৫ বছর বয়সি গোলরক্ষক।

ওই ঘটনায় ওউনোর কেবল ফুটবল ক্যারিয়ার নয়, তার স্বাভাবিক জীবনও বদলে গেছে। কিছুদিন আগে তিনি নিজেই জানান, খুব কঠিন সময় পার করছেন তিনি।