জাতীয় নিরাপত্তার শঙ্কায় জর্ডানে টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ
বিগত বছরগুলোতে রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভের তৈরি মোবাইল মেসেজিং অ্যাপটি ব্যবহার করে উগ্রবাদী বিবৃতি ও বার্তা প্রকাশ করে আসছে আইএস জঙ্গিরা।
জাতীয় নিরাপত্তার স্বার্থে ও উগ্রবাদ মোকাবেলার অংশ হিসেবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম’কে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে জর্ডান কর্তৃপক্ষ।
সোমবার দেশটির পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্তটি জানানো হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
জর্ডানের ‘পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট’ বা জননিরাপত্তা অধিদপ্তর বিবৃতিতে বলেছে, তাদের এ পদক্ষেপের মূল লক্ষ্য সমাজকে বিভিন্ন হুমকি থেকে সুরক্ষিত রাখা।
এর মধ্যে রয়েছে, ‘উগ্রবাদ ও চরমপন্থা ছড়ানোর প্রচেষ্টা, যা সামাজিক নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য হুমকিস্বরূপ এমন বিষয়কে দেশটির আইন অনুসারে’ কঠোরভাবে ঠেকানো হবে।
সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া কিছু নিরাপত্তা ঘটনার পর এই সিদ্ধান্ত নিল জর্ডান। গেল মাসে জর্ডানে মর্মান্তিক গির্জা হামলায় নয়জন নিহত হয়েছেন।
ওই ঘটনার জেরে প্রতিবেশী দেশ সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান, যেখানে অন্তত ২০ জন ইসলামিক স্টেট জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে দেশটি।
এ ছাড়া, গত ৫ নভেম্বর আম্মানে এক ছুরিকাঘাতের ঘটনায় জর্ডানের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অপর একজন আহত হয়েছেন।
রাশিয়া থেকে নির্বাসিত পাভেল দুরভের তৈরি মোবাইল মেসেজিং অ্যাপটি ব্যবহার করে বিগত বছরগুলোতে উগ্রবাদী বিবৃতি ও বার্তা প্রকাশ করে আসছে ইসলামিক স্টেটের জঙ্গিরা।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ বর্তমানে বিশ্বের একাধিক দেশের আইন প্রয়োগকারী সংস্থার তদন্তের মুখে রয়েছেন।
গেল জুলাইয়ে রাশিয়া আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগ আনে। দেশটির দাবি, রাশিয়ার ভেতরে বিভিন্ন হামলা চালানোর জন্য ইউক্রেনীয় গুপ্তচরেরা তার অ্যাপটি ব্যবহার করছে।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন পাভেল দুরভ।
তার দাবি, কনটেন্ট নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করার ক্ষেত্রে অর্পিত দায়িত্বের তুলনায় বেশি ভূমিকা রেখেছে টেলিগ্রাম।
