কুমিল্লায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
নিহতের পরিবারের দাবি, মেয়েকে দিতে রাজি না হওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুরাদনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।
নিহত সুখিয়া বেগম (৪২) দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। তার প্রাক্তন স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফের সঙ্গে সুখিয়ার বিয়ে হয়। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক কলহের কারণে তাদের সংসারে অশান্তি দেখা দেয়। একপর্যায়ে পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়।
তাদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে রাখতে চাইছিলেন শরিফ। অন্যদিকে, মেয়েকে নিয়ে ভিক্ষা করে জীবিকা চালাতেন সুখিয়া।
নিহতের পরিবারের দাবি, মেয়েকে শরিফের কাছে দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি সুখিয়াকে ছুরিকাঘাত করেন। পরে ঘটনাস্থলে তার লাশ ফেলে পালিয়ে যান।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে। শরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তিনি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে রয়েছেন। তথ্য যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
