বেতিসের দাপুটে জয়ে আগের মতোই চারে রেয়াল মাদ্রিদ
লম্বা বিরতির পর মাঠে ফিরে জয়ের দেখা পেলেও, লিগ টেবিলে অবস্থান নাজুক জুজে মরিনিয়োর দলের।
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর মাঠে ফিরে জয়ের দেখা পেয়েছে লা লিগার টেবিলের প্রথম চার দল। ফলে আগের মতোই চতুর্থ স্থানে আছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।
লম্বা বিরতির পর গত শনিবার এই দলগুলোর মধ্যে প্রথম মাঠে নামে আতলেতিকো মাদ্রিদ এবং আলাভেসকে ২-১ গোলে হারায় তারা। ওইদিনই পরে বার্সেলোনা ৩-০ গোলে উড়িয়ে দেয় গেতাফেকে এবং রেয়াল মাদ্রিদ কষ্টে ১-০ গোলে হারায় ভিয়ারিয়ালকে।
ঘরের মাঠে ওই ম্যাচে ভিনিসিউস জুনিয়র লাল কার্ড দেখায়, শেষদিকে বেশ খানিকটা সময় একজন কম নিয়ে খেলে কোনোমতে জয় তুলে নেয় রেয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলেও অন্তত এক দিনের জন্য তিনে উঠে আসে তারা।
পরদিন রেয়াল বেতিস তাদের মাঠেই ওসাসুনসার বিপক্ষে জিতলে আবার চারে নেমে যায় জুজে মরিনিয়োর দল।
রোববার বেতিসের জয়ের নায়ক রেয়াল মাদ্রিদের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ইসকো। দুই অর্ধে একটি করে গোল করেন তিনি। ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতেছে বেতিস।
আসরে আট ম্যাচে শতভাগ সাফল্যে ২৪ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ ও তিনে বেতিস। আর ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রেয়াল মাদ্রিদ।
