‘ইউরোপের রাজা রেয়াল মাদ্রিদ গ্রিসে আট সফরে একবার জিতেছে’
গ্রিক চ্যাম্পিয়ন এইকে এথেন্সের মাঠে কঠিন চ্যালেঞ্জ দেখছেন রেয়াল মাদ্রিদ কোচ জুজে মরিনিয়ো।
সংবাদ সম্মেলনে নিজেই একটি পরিসংখ্যান তুলে ধরলেন জুজে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদ কোচ মনে করিয়ে দিলেন, অতীতে গ্রিস সফরের স্মৃতি এই দলের জন্য সুখকর নয়। তার মতে, চ্যাম্পিয়ন্স লিগে আসন্ন ম্যাচে এইকে এথেন্সের বিপক্ষেও তাদের কাজটা খুবই কঠিন হবে।
ইউরোপ সেরা প্রতিযোগিতায় জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে বুধবার গ্রিক চ্যাম্পিয়নদের মাঠে খেলবে রেয়াল মাদ্রিদ। এথেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায়।
চলতি আসরে প্রথম পর্বে শুরুর তিন ম্যাচেই জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রেয়াল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মরিনিয়োকে জিজ্ঞেস করা হয় যে, তিন জয়ের পর আসন্ন ম্যাচটিকে তারা কীভাবে দেখছেন।
“আমাদের গুরুত্বের সঙ্গে এগোতে হবে। আমরা প্লে-অফে ওঠার খুব কাছাকাছি আছি, তবে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেওয়া থেকে এখনও বেশ দূরে; আমাদের আরও পয়েন্ট প্রয়োজন। শক্তিশালী একটি দলের বিপক্ষে, বিশেষ করে তাদের মাঠে আমাদের গুরুত্বের সঙ্গে খেলতে হবে।
“একটি তথ্য উল্লেখযোগ্য যে, এথেন্সে রেয়াল মাদ্রিদ আট ম্যাচের মধ্যে কেবল একটিতে জিতেছে। আমাদের সেরাটা দিতে হবে, গুরুত্বের সঙ্গে খেলতে হবে এবং খেলার মান বজায় রাখতে হবে-কারণ আমাদের পয়েন্ট দরকার।”
উয়েফা প্রতিযোগিতায় গ্রিক দলগুলোর মাঠে নিজেদের সবশেষ আট ম্যাচের কেবল একটিতে জিততে পেরেছে রেয়াল, ড্র করেছে পাঁচটি। সেটিই তুলে ধরেন মরিনিয়ো।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে এইকে এথেন্সের বিপক্ষে মাঠে নামবে রেয়াল।
পরে আরেকটি প্রশ্নেও ৬৩ বছর বয়সি মরিনিয়ো বলেন, এই ম্যাচে তিন পয়েন্ট পেতে হলে তাদের সেরাটাই নিংড়ে দিতে হবে।
“তারা চ্যাম্পিয়ন দল। এই আট ম্যাচে আমরা অনেক চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হচ্ছি। গ্রিসে খেলা সবসময়ই কঠিন। ইউরোপের রাজা রেয়াল মাদ্রিদ গ্রিসে আট সফরে কেবল একবার জিতেছে। অনেক বছর আগে আমি নিজেও এখানে দুবার খেলেছি, তাই জানি এমন পরিবেশে খেলা কতটা কঠিন। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সূচিও বেশ কঠিন; তাই তারা নিশ্চয়ই মনে করছে, ম্যাচটা নিজেদের মাঠে হওয়ায় পয়েন্ট পাওয়ার এটাই তাদের সেরা সুযোগ।
“তাছাড়া প্রতিপক্ষ যখনই আমাদের সাদা জার্সি পরা খেলোয়াড়দের সামনে দেখে, তারা দারুণভাবে উজ্জীবিত হয়ে ওঠে। এই ম্যাচে আমাদের সেরাটা দিতেই হবে; যদি আমরা সেরা ফর্মে না থাকি, তাহলে জিততে পারব না।”
