২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সিলিন্ডার লিকেজ থেকে আগুন: দগ্ধ নারীর মৃত্যু

একই ঘটনায় দগ্ধ শিশুসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:17 PM

Updated : 23 Nov 2026, 10:17 PM

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ তিনজনের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান।

নিহত নারীর নাম মনিরা আক্তার (৩০)। একই ঘটনায় দগ্ধ মনিরার শিশুসন্তান আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬) হাসপাতালে চিকিৎসাধীন।

সন্ধ্যায় ওসি আরিফুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকায় জাহানারা বেগমের বাড়িতে সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লাগে।

এতে মনিরা আক্তার, তার সন্তান আরিফুল ও তরিকুল দগ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মনিরার মৃত্যু হয়।

আরাফাত ও তরিকুল ইসলাম সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন তিনি।

পুরনো খবর:

টঙ্গীতে গ্যাসের আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ৩