জলবায়ু অর্থায়ন তহবিল থেকে ৩ কোটি ডলার পাবে বাংলাদেশ
উপকূলীয় এলাকার মানুষের জন্য এ অর্থ ব্যয় করা হবে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘গ্রিন ক্লাইমেট ফান্ড’ (জিসিএফ) থেকে প্রথমবারের মতো অর্থ পেতে যাচ্ছে বাংলাদেশসহ ছয়টি দেশ।
এর মধ্যে উপকূলীয় এলাকার মানুষের জন্য বাংলাদেশ পাবে ৩ কোটি ডলার।
জলবায়ু ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বুধবার সন্ধ্যায় তুরস্কের আনতালি এক্সপো সিটিতে বাংলাদেশ প্যাভিলিয়নে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ তথ্য জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজ শর্তে ও অনুদানভিত্তিক অর্থায়ন জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এসব দেশের জন্য পর্যাপ্ত ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
উন্নত দেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) দাতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ বৃদ্ধির দাবি জানান তিনি।
বুধবার বিকালে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনের (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়নে ‘বাংলাদেশে জলবায়ু অভিযোজন: জাতীয় সাফল্য থেকে বৈশ্বিক পর্যায়ে সম্প্রসারণ’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ প্রতিমন্ত্রী। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিও (ইউএনডিপি) বাংলাদেশ প্যাভিলিয়নে যৌথভাবে আরও কয়েকটি অনুষ্ঠান আয়োজন করা হয়।
পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কীকরণ ব্যবস্থা, স্থানীয় পর্যায়ে অভিযোজন এবং নিজস্ব অর্থায়নে জলবায়ু কার্যক্রম বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিজস্ব সম্পদ ব্যবহার করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন করেছে এবং ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ুসংশ্লিষ্ট ব্যয় চিহ্নিত করার ব্যবস্থা চালু করেছে।
দেশের মোট অভিযোজন ব্যয়ের প্রায় ৮৮ শতাংশ জাতীয় বাজেট থেকে নির্বাহ করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এটি বাংলাদেশের নিজস্ব অঙ্গীকার ও প্রচেষ্টার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “আমরা দুটি মন্ত্রণালয় সম্মেলনকে কেন্দ্র করে একাধিক আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। আমাদের প্রধানমন্ত্রী জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সরকারের বৃক্ষরোপণের কথা তুলে ধরেছেন।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব বৈঠক ফলপ্রসূ হয়েছে। পাটজাত পণ্য নিয়ে কথা হয়েছে। তারা সহযোগিতা করার কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমানও এরদোয়ানের স্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বলে জানান শামা ওবায়েদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. সাইমুম রেজাও বক্তব্য দেন।
এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে জলবায়ু অভিযোজন ও উন্নয়ন পরস্পর সম্পর্কযুক্ত। কার্যকর অভিযোজন ব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি সুরক্ষিত রাখা সম্ভব নয়।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলেও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি কমবে না। তাই অভিযোজন অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখা অপরিহার্য।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন অনুবিভাগ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রমের অর্জন ও ভবিষ্যৎ অগ্রাধিকার তুলে ধরে বক্তব্য দেন।
