১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী, বাইরে থাকলে সন্ত্রাসী: আখতার

এনসিপি নেতা বলেন, শেখ হাসিনার দেশে আসার সাহস নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:43 PM

Updated : 17 Nov 2026, 09:43 PM

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে নাশকতা ও সন্ত্রাস- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে, তখন ফ্যাসিবাদী আচরণ করে। আর যখন ক্ষমতার বাইরে থাকে, তখন নাশকতাবাদ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়ায়। এখন তারা সেই কাজই করছে।”

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ও জিয়ারত শেষে আখতার হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, “২৪-এর আগে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করে দেশের মানুষকে গুম করে নির্যাতন ও গণহত্যা চালিয়েছে। ২৪-এর পরও তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে নাশকতা করার চেষ্টা করছে।”

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, “শেখ হাসিনা বাংলাদেশে আসার যে কথা বলছেন, তা পাগলের প্রলাপ। তার দেশে আসার সাহস নেই। তিনি এখন পর্যন্ত নিজের চেহারা দেখাতে পারেন না। তাকে চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে থাকা শাস্তি কার্যকর করার দায়িত্ব বর্তমান সরকারের।”

তিনি বলেন, “বাংলাদেশকে অস্থির করার কোনো ষড়যন্ত্র করা হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।”

লন্ডনে সফররত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার চেষ্টা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু সন্ত্রাসী নাহিদ ইসলামকে আক্রমণের চেষ্টা করেছে। সেখানে বাংলাদেশি ও এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তা দেওয়ায় তার ওপর হামলা করতে পারেনি।”

এ ঘটনায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “একজন সংসদ সদস্য ও চিফ হুইপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনারের উচিত সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে তার নিরাপত্তা নিশ্চিত করা। একই সঙ্গে হামলার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশের আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”