নাশকতা প্রতিরোধে জুমার খুতবায় মানুষকে সচেতন করার আহ্বান ধর্মমন্ত্রীর
“কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের সম্ভাব্য নাশকতার বিষয়টি তুলে ধরে তা প্রতিরোধে জুমার খুতবায় মানুষকে সচেতন করার আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
পাশাপাশি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার বিষয়েও মানুষকে সচেতন করার কথা বলেছেন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ধর্মমন্ত্রী বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্টদের গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব, মসজিদের ইমাম, খতিব ও সাধারণ জনগণের অরাজনৈতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।”
গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাস ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এ জন্য মসজিদের ইমাম ও খতিবদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা পরিহার এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকার বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।
একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহবান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, “কোথাও কোনো নাশকতা বা সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”
দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ধর্মীয় নেতৃত্বসহ সবাই সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
