১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সাহস থাকলে দেশে আসেন, জনগণ কী করে দেখেন: সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 09:55 PM

Updated : 10 Nov 2026, 09:55 PM

‘সাহস থাকলে দেশে আসেন, জনগণ কী করে দেখেন’- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, “জনগণ মূল্যায়ন করে নাকি অন্য কিছু করে, তা দেখেন। আগুন-সন্ত্রাস বাদ দেন, জ্বালাও-পোড়াও করতে উসকানি দিয়েন না।”

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “৫ অগাস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন দেওয়া ও মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস।”

দেশের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে কীভাবে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে।”

বিএনপি সরকারের কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন, “বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার, তা করছে।”

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।