‘রাম কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন’, মন্তব্য জাভেদ আখতারের
তার ভাষ্য, ধর্মীয় পরিচয় যাই হোক, প্রত্যেক ভারতীয়ের সংস্কার ও মূল্যবোধের মধ্যে রাম রয়েছেন।
ভারতের বর্ষীয়ান গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার মনে করেন, হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার এবং অযোধ্যার রাজা দশরথের ছেলে রামচন্দ্র কোনো নির্দিষ্ট ধর্মের মধ্যে সীমাবদ্ধ নন; তিনি আদর্শ, নৈতিকতা ও জীবনযাপনের দর্শন।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি এক অনুষ্ঠানে জাভেদ আখতারের কাছে জানতে চাওয়া হয়, রণবীর কাপুর, সাই পল্লবী, যশ অভিনীত বলিউড সিনেমা ‘রামায়ণ: রাইজ অব আ লেজেন্ড’ তিনি দেখেছেন কি না।
জবাবে তিনি জানান, এখনও সিনেমাটি তার দেখা হয়নি; তবে দেখার ইচ্ছা রয়েছে।
জাভেদ আখতার বলেন, “আমি নিশ্চয়ই দেখব। আমার মেয়ে জোয়া ইতিমধ্যে সিনেমাটি দেখেছে। ও ছবির প্রশংসা করছে। জোয়া সাধারণত কোনো কিছুর খুব একটা প্রশংসা করে না।”
সিনেমা নিয়ে কথা বলার পাশাপাশি রামচন্দ্র সম্পর্কেও নিজের ভাবনা তুলে ধরেন জাভেদ।
তার কথায়, “রাম শুধু কোনো ব্যক্তি নন। রাম একটি আদর্শ, নৈতিকতা এবং জীবনযাপনের পদ্ধতি। তিনি নৈতিকতার প্রতীক। প্রত্যেক ভারতীয়ের মধ্যে এবং তাদের সংস্কারের মধ্যে রাম রয়েছেন।”
জাভেদ আখতার বলেন, “হয়ত আমার এই কথায় অনেকে অসন্তুষ্ট হবেন। কিন্তু রামের নির্যাস প্রত্যেক ভারতীয়ের রক্তে মিশে রয়েছে, তিনি যে ধর্মেরই মানুষ হন না কেন।”
জাভেদের মতে, রামকে কেবল একজন ব্যক্তি হিসেবে দেখলে তার তাৎপর্য পুরোপুরি বোঝা যাবে না। তার কাছে রাম আরও গভীর এক জীবনদর্শনের প্রতীক।
এর আগেও নিজের বিভিন্ন বক্তব্যে রামায়ণ-মহাভারতকে অন্তরে ধারণ করার কথা বলেছেন এই গীতিকার। তার ভাষ্য, রামায়ণ ও মহাভারত ভারতের হাজার হাজার বছরের সম্পদ। এই গ্রন্থগুলো ভারতের ইতিহাস, সংস্কৃতি, প্রজ্ঞার আধার। তাই ভারতীয়দের এগুলো সবসময় সম্মানের সঙ্গে পড়া উচিত।
তার মতে, এগুলো শুধু ধর্মীয় বই নয়; ভারতীয় সংস্কৃতির পরিচয়; ভারতীয় হওয়ার পরিচয়ের বাহক। তাই প্রতিটি নাগরিকের রামায়ণ-মহাভারতের সঙ্গে সম্পর্ক থাকবেই।
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য এ অবধি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৬টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাভেদ। এছাড়া ভারতের সর্বোচ্চ পর্যায়ের বেসামরিক সম্মাননা পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারও রয়েছে তার ঝুলিতে।
