১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইউনাইটেডের কর্তাদের সমালোচনা করে শাস্তি পেলেন মার্তিনেস

বিবিসির খবর, এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে।

ইউনাইটেডের কর্তাদের সমালোচনা করে শাস্তি পেলেন মার্তিনেস

লিসান্দ্রো মার্তিনেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 12:59 AM

Updated : 16 Oct 2026, 12:59 AM

ক্লাব কর্তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ক্ষমা চেয়েও পার পেলেন না লিসান্দ্রো মার্তিনেস। শাস্তিস্বরূপ ‘জরিমানা গুনতে হচ্ছে’ ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে।

মাইকেল ক্যারিকের কোচিংয়ে গত মৌসুমের শেষভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও, এবার উল্টোপথে হাঁটছে দলটি। একের পর এক হোঁচটে কোণঠাসা অবস্থা তাদের। সবশেষ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা ২-০ গোলে হেরে যায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড, স্বাভাবিকভাবেই তাতে তীব্র সমালোচনা সইতে হচ্ছে ক্যারিক ও তার খেলোয়াড়দের।

মার্তিনেস অবশ্য এক্ষেত্রে অনেকটা দায় দেখছেন ক্লাবের শীর্ষ পর্যায়ের কর্তাদের। তার মতে, গ্রীষ্মের দলবদলে স্কোয়াড শক্তিশালী করার যথেষ্ট চেষ্টা ও খরচ করেনি তারা আর এর প্রভাবই এখন পড়ছে মাঠে।

প্রকাশ্যে এভাবে আক্রমণ করায় বৃহস্পতিবার মার্তিনেসের ডাক পড়ে কর্মকর্তাদের সামনে, এবং তাদের সঙ্গে আলোচনার পর সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, “আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই।”

“আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি।

“সবাই জানে আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলই আমার জীবনের সবকিছু। ওই হারের কারণে আমি খুব হতাশ ছিলাম, আর সেকারণেই ওইমুহূর্তে আমার যা মনে হয়েছিল তাই প্রকাশ করি, যা হয়তো সঠিক ছিল না, এবং তাই আমি ক্ষমা চাই।”

ক্লাবের পক্ষ থেকে সরাসরি কিছু না জানালেও, মার্তিনেসকে জরিমানা করার কথা লিখেছে বিবিসি।

চলতি মৌসুমে সব মিলিয়ে ৯ ম্যাচ খেলে কেবল দুটিতে জিততে পেরেছে ইউনাইটেড।

প্রিমিয়ার লিগে ছয় ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে দলটি আছে ১৩ নম্বরে। আর চ্যাম্পিয়ন্স লিগেও তারা দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আছে ১৩ নম্বরে।

এই ব্যর্থ পথচলায় গত সেপ্টেম্বরে লিগ কাপের শুরুতেই ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে হেরে ছিটকে যায় ইউনাইটেড।