২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

নওগাঁয় মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩ তরুণ গ্রেপ্তার

তাদের কাছে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Oct 2026, 04:30 PM

Updated : 23 Oct 2026, 04:30 PM

নওগাঁর মান্দায় কিশোর অপরাধ দমন এবং মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক-দেশীয় অস্ত্রসহ তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য ও মাদক কারবারী বলে দাবি পুলিশের।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার দুপুরের দিকে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার চকউলী গ্রামের মৃত আশরাফুল ইসলামের দুই ছেলে ইসলাম বাবু (২১) ও শাওন (১৯) এবং শুটকিবাদল গ্রামের মঞ্জুর আহমেদের ছেলে আরিফ হোসেন (২৩)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মান্দা থানার ওসি আফজালের নেতৃত্বে চকউলী গ্রামে বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে তিনটি দেশীয় অস্ত্র, মাদক ও মাদকবিক্রির টাকাসহ তিন তরুণ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি লম্বা বার্মিজ চাকু ও বসতবাড়ির গর্তে লুকানো অবস্থায় আরেকটি চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা `ডাবল-ব্লেড টমাহক’ নামক অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র মামলা করা হয়েছে।