১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, ৫টি ‘শিকারী’ বক উদ্ধার

পরে বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 11:16 AM

Updated : 14 Oct 2026, 11:17 AM

পাখি শিকার বন্ধে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় পাখি শিকারীর ছয়টি হালা (শিকারের সরঞ্জাম) ও পাঁচটি শিকারী বক উদ্ধার করা হয়। পরে সেগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, সদর উপজেলার পাকুরিয়া, কামারিয়া এবং নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় পাখি শিকারীরা দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের শিকারী (যে সব বক দিয়ে হালা বা ফাঁদ দেওয়া হয়) বকগুলোকে উদ্ধার করা সম্ভব হয়।

অভিযান পরিচালনার সময় ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক মো. মুগনিউর রহমান মনি, নকলা উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মো. মামুন মিয়া, স্বেচ্ছাসেবক মো. গোলাম জাকারিয়া পবন

উপস্থিত ছিলেন।

এদিকে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে দুপুরে জামালপুর জেলার লাঙ্গলজোড়া পূর্ব নাছিরপুর এলাকায় অবস্থিত জামাল ওস্তাগারের বাড়ির পিছনে বাঁশ ঝাড় ও রেইন ট্রি গাছে কলোনি বানিয়ে থাকা শামুকখোল পাখির খোঁজ নেওয়ার জন্যও এই দলটি উপস্থিত হয়।

সেখানে পাখির সুরক্ষায় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময়, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

এ সময় জামালপুর সদর থানার এসআই মো. খোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

সুমন সরকার বলেন, পাখি শিকার বন্ধে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে।