১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

যমুনায় অবৈধ বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ২

“বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 07:55 PM

Updated : 14 Oct 2026, 07:55 PM

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে নৌ থানা পুলিশ।

বুধবার ভোরে উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ সদর নৌ থানার ওসি রফিকুল ইসলাম জানান।

গ্রেপ্তাররা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বেড়া পাঁচকড়িয়া গ্রামের চান মিয়া (৩০) ও মো. শাকিল (২২)। তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার মৎস্যসম্পদ ও নদীর জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান চলবে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।