যমুনা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ৫
এতে দেশীয় প্রজাতির মাছ এবং ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হয়ে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে অবৈধভাবে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছির চর ও বেলুটিয়া গ্রামসংলগ্ন ৪ নম্বর ক্রসবার বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বেলুটিয়া দক্ষিণপাড়ার আব্দুল মজিদ (২৬), আসলাম (৩৮), আব্দুল কাদের (২০), সুমন মোল্লা (২০) ও ইউসুফ আলী।
নৌ পুলিশ জানায়, ইলেকট্রিক ফিশিংয়ের মাধ্যমে অবৈধভাবে মাছ শিকারের কারণে দেশীয় প্রজাতির মাছ এবং ক্ষুদ্র জলজ প্রাণী ধ্বংস হয়ে নদীর জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন, অভিযানকালে পাঁচজনকে ধরা হলেও কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলার পর দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
