যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয়
সঙ্গীর সঙ্গে সব কথা মন খুলে বলতে পারেন, নাকি ভয় কাজ করে?
সঙ্গীর মেজাজ বুঝে সবসময় সতর্ক হয়ে পা ফেলা, কঠিন আলোচনা এড়িয়ে চলা বা নিজের মনের কথা চেপে রাখা- দৈনন্দিন সম্পর্কে যদি এমন আচরণ নিয়মিত ঘটতে থাকে, তবে বুঝতে হবে সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয়।
অনেক যুগলের কাছেই কোনও জটিল বিষয় নিয়ে কথা বলা যেন বিস্ফোরক পুঁতে রাখা মাঠের ওপর দিয়ে হাঁটার মতো, যেখানে সামান্য মতবিরোধ থেকেই বড় ধরনের বিস্ফোরণ ঘটে যাওয়ার ভয় কাজ করে।
মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের লাইসেন্সড ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট এবং লেখক ডা. ইয়ান কার্নার এবং তার সহকর্মী মার্কিন থেরাপিস্টরা সম্পর্কের ‘ইমোশনাল সেফটি’ বা মানসিক নিরাপত্তা কী, এই অভাবের লক্ষণ এবং তা ফিরিয়ে আনার উপায় তুলে ধরেছেন।
মানসিক নিরাপত্তা বা ইমোশনাল সেফটি কী?
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মনোচিকিৎসক মার্টি ব্যাবিটস বলেন, “সম্পর্কে মানসিক নিরাপত্তা থাকার অর্থ হল- নিজের দুর্বলতা বা অকপট অনুভূতি প্রকাশ করলে সঙ্গী প্রত্যাখ্যান করবেন না, বরং যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করবেন বলে নিশ্চিত থাকা।”
নিউ ইয়র্কের সেক্স থেরাপিস্ট ইভা ডিলনের মতে, “এটি হল এমন এক স্বস্তি ও অকৃত্রিমতার অনুভূতি, যেখানে সঙ্গীর উপস্থিতিতে নিজেকে আড়াল না করেই সহজভাবে প্রকাশ করা যায়।”
নিউ ইয়র্কের আরেক মনোবিদ স্কট ডুকেট জানান, মানসিক নিরাপত্তার প্রধান শর্ত হল, সঙ্গীর আচরণের প্রতি আস্থা বা পূর্বাভাসযোগ্যতা। অর্থাৎ, নিজের জটিল ও সংবেদনশীল অনুভূতিগুলো প্রকাশ করলে সঙ্গী দোষারোপ না করে সহমর্মিতা, কৌতূহল এবং যত্নের সঙ্গে তা শুনবেন- এই বিশ্বাস থাকা জরুরি।”
নিউ ইয়র্ক ও কানেকটিকাটের ‘ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট’ জর্জ ফ্যালারের মতে, “সেরা ও খারাপ সম্পর্কের মধ্যে মূল পার্থক্য হল, ঝগড়ার পর সম্পর্ক মেরামত করার ক্ষমতা, যা শুরু হয় খোলামেলা আলোচনার মাধ্যমে।”
অন্যদিকে, সেক্স থেরাপিস্ট ডায়ানা মরিয়ম নিকাহ বলেন, “সম্পর্কে মানসিক নিরাপত্তা দিতে হলে দুটি বিষয় জরুরি- নিজের আবেগ নিয়ন্ত্রণ এবং আক্রমণ বা সমালোচনা না করে অহিংস ভাষায় মনের কথা প্রকাশ করা।
সম্পর্ক মানসিকভাবে অনিরাপদ কি না, যেভাবে বুঝবেন
নেতিবাচক প্রত্যাশা ও কথা লুকানো: নিউ ইয়র্কের সেক্স থেরাপিস্ট রেবেকা সোকল বলেন, “মানসিকভাবে অনিরাপদ সম্পর্কে সঙ্গীর সঙ্গে কথা বলার আগেই নেতিবাচক প্রতিক্রিয়ার ভয় কাজ করে।”
স্কট ডুকেটের মতে, “রাগ, অভিমান বা দূরত্ব তৈরির ভয়ে নিজের আসল চিন্তা লুকাতে শুরু করে, যা পরবর্তী সময়ে অবজ্ঞা, বিদ্রূপ এবং তীব্র সংঘাতের একটি বিষাক্ত চক্র তৈরি করে।”
আলোচনা এড়িয়ে চলা: ডায়ানা মরিয়ম নিকাহ সতর্ক করে বলেন, “কঠিন আলোচনা এড়িয়ে চললে সমস্যা জাদুর মতো উধাও হয়ে যায় না; বরং তা সাময়িকভাবে চাপা পড়ে থাকলেও পরে আরও অস্বাস্থ্যকর ও ধ্বংসাত্মক উপায়ে সামনে আসে।”
শারীরিক ঘনিষ্ঠতায় অনীহা ও আসক্তি: নিউ ইয়র্ক ও নিউ জার্সির সেক্স থেরাপিস্ট নানাহো সাওয়ানোর মতে, “মানসিক নিরাপত্তার অভাব শরীরে ‘স্ট্রেস’ বা মানসিক চাপ তৈরি করে, যা সঙ্গীর প্রতি শারীরিক সম্পর্কের আগ্রহ কমিয়ে দেয়।”
এছাড়া জর্জ ফ্যালার জানান, মানসিক বিচ্ছিন্নতার যন্ত্রণা ভুলতে অনেকেই নেশাজাতীয় দ্রব্যের দিকে ঝুঁকে পড়েন।
সম্পর্কে মানসিক নিরাপত্তা ফিরিয়ে আনার উপায়
সমস্যাটি স্বীকার করা: জর্জ ফ্যালারের পরামর্শ অনুযায়ী, “সম্পর্কের মাঝে যে আস্থার অভাব তৈরি হয়েছে তা খোলাখুলি স্বীকার করতে হবে। সমস্যাটি চিহ্নিত করতে পারলেই দুজনে মিলে পরিবর্তনের সুযোগ তৈরি হয়।”
যোগাযোগের দক্ষতা বাড়ানো: ইভা ডিলন বলেন, “যোগাযোগ হল এমন একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে শেখা যায়। সম্পর্কে মান-অভিমান বা ফাটল তৈরি হওয়া স্বাভাবিক, তবে তা কতটা যত্নের সঙ্গে মেরামত করা হচ্ছে সেটিই সম্পর্কের মান নির্ধারণ করে।”
বাস্তবসম্মত প্রত্যাশা রাখা: রেবেকা সোকলের মতে, “সম্পর্কে সবসময় শতভাগ মানসিক নিরাপত্তা বজায় রাখা সম্ভব নাও হতে পারে; তাই ধীরে ধীরে এমন কিছু নিরাপদ মুহূর্ত তৈরি করা উচিত যা সম্পর্ককে ‘যথেষ্ট নিরাপদ’ অবস্থানে নিয়ে যায়।”
পেশাদার থেরাপিস্টের সাহায্য নেওয়া: ডায়ানা মরিয়ম নিকাহর মতে, “নিজেরা চেষ্টা করেও সফল না হলে ‘কাপলস থেরাপি’ নেওয়া কার্যকর। যেখানে একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ দুজনকে আবেগ নিয়ন্ত্রণ ও সুস্থ যোগাযোগের কৌশল শেখাতে পারেন।”
