সঙ্গী কি প্রতারণা করছেন? বিশ্বস্ততা ভঙ্গের ১৫টি সতর্কসংকেত
সঙ্গীর ফোনের পাসওয়ার্ড বদল, অকারণে রেগে যাওয়া বা হঠাৎ অতিরিক্ত উপহার দেওয়া- সম্পর্কের এই সূক্ষ্ম পরিবর্তনগুলো কি পরকীয়ার ইঙ্গিত?
যে কোনও প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনের মূল ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস ও বিশ্বস্ততা।
তবে সম্পর্কের মাঝে কখনও কখনও এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা দেয়, যা মনে এক ধরনের অজানা অস্বস্তি বা সন্দেহের জন্ম দেয়।
প্রবল আবেগ এবং সম্পর্ক হারানোর দুশ্চিন্তার কারণে অনেক সময় আসল সত্যটি অনুধাবন করা কঠিন হয়ে পড়ে।
জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘প্রিভেনশন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের দাম্পত্য-বিষয়ক মনোবিদ ও ‘ব্রেকিং আপ অ্যান্ড বাউন্সিং ব্যাক’ বইয়ের লেখিকা সামান্থা বার্নস বলেন, “প্রতারণা কেবল শারীরিক নয়, এটি আবেগীয়ও হতে পারে।”
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার নিবন্ধিত ‘ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট’ লেসলি ডোয়ারেস বলেন, “প্রতারণা যেহেতু গোপনীয়তার আবরণে ঢাকা থাকে, তাই প্রতারক ব্যক্তি সবসময় চেষ্টা করেন যেন সঙ্গীর মনে কোনও সন্দেহ তৈরি না হয় এবং সবকিছু স্বাভাবিক দেখায়।”
তবে নিউ ইয়র্কের মনস্তত্ত্ববিদ ডা. পল কোলম্যান সতর্ক করে বলেন, “কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে নিজের ভেতরের অতিরিক্ত সন্দেহপ্রবণতা বা পূর্বধারণা সম্পর্কেও সচেতন থাকা জরুরি।”
সঙ্গীর প্রতারণার ১৫টি প্রধান লক্ষণ নিচে তুলে ধরা হল।
হঠাৎ যোগাযোগের বাইরে চলে যাওয়া
ব্যস্ততার কারণে দিনের নির্দিষ্ট কিছু সময়ে সঙ্গীকে ফোনে না পাওয়া স্বাভাবিক। তবে আগে যখন সহজেই যোগাযোগ করা যেত, সেখানে এখন যদি নিয়মিতভাবেই তাকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে, তবে তা একটি বড় সতর্কসংকেত।
ডা. পল কোলম্যানের মতে, “পরকীয়ায় লিপ্ত ব্যক্তিদের নির্বিঘ্ন একান্ত সময়ের প্রয়োজন হয় এবং তারা চান না ফোনে কথা বলার সময় পেছনের কোনও সন্দেহজনক কণ্ঠস্বর বা শব্দ সঙ্গীর কানে পৌঁছাক।”
সঙ্গীর বন্ধুদের আচরণে অস্বস্তি
প্রতারক ব্যক্তিরা সঙ্গীর সামনে যতটা সতর্ক থাকেন, বন্ধুদের সামনে ততটা থাকেন না এবং অনেকেই বন্ধুদের কাছে গোপন কথা বলে দেন বা ‘শেয়ার’ করেন।
ডা. কোলম্যান মন্তব্য করেন, “সঙ্গীর বন্ধুরা যদি আগে থেকেই আসল ঘটনা জেনে থাকেন, তবে আপনার সামনে এলে তারা এক ধরনের অস্বস্তি বা অস্থিরতা বোধ করতে পারেন।”
শারীরিক সম্পর্কের চাহিদায় আকস্মিক পরিবর্তন
বাইরে অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়লে সাধারণত সঙ্গীর প্রতি শারীরিক আগ্রহ কমে যায়।
তবে ডা. কোলম্যানের মতে, “অনেক সময় অপরাধবোধ থেকে বা নিজের কুকীর্তি আড়াল করতে প্রতারক সঙ্গী উল্টো স্বাভাবিকের চেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে পারেন।”
সাজগোজ ও বাহ্যিক রূপের প্রতি অতিরিক্ত মনোযোগ
স্বাস্থ্য সচেতনতা থেকে শরীরচর্চা শুরু করা ইতিবাচক, যা সাধারণত সঙ্গীর সঙ্গে আলোচনা করেই করা হয়।
তবে কোনও যৌক্তিক কারণ ছাড়াই সঙ্গী যদি হঠাৎ দামি সুগন্ধি ব্যবহার শুরু করেন বা নতুন পোশাক কেনার পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন এবং জিজ্ঞেস করলে অসংলগ্ন উত্তর দেন, তবে তা সন্দেহজনক।
মোবাইল ফোন ব্যবহারের অভ্যাসে পরিবর্তন
হঠাৎ ফোনের পাসওয়ার্ড বদলে ফেলা, ফোন সবসময় নিজের কাছে আঁকড়ে রাখা বা ফোন ধরতে চাইলে রেগে যাওয়া গোপনীয়তার লক্ষণ।
সামান্থা বার্নস বলেন, “সোশ্যাল মিডিয়ায় অপরিচিত বা আপত্তিকর অ্যাকাউন্ট অনুসরণ করা এবং এ নিয়ে প্রশ্ন করলে সঙ্গীকে ‘অতিরিক্ত সংবেদনশীল’ বলে তুচ্ছতাচ্ছিল্য করা সম্পর্কের প্রতি অসম্মানের পরিচয় দেয়।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নীরবতা
একটি সুস্থ সম্পর্কে যুগলেরা ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় ‘আমরা’ বা ‘আমাদের’ শব্দটি ব্যবহার করেন।
সামান্থা বার্নসের মতে, “সঙ্গী যদি দীর্ঘমেয়াদী কোনও পরিকল্পনা করা বন্ধ করে দেন বা ভবিষ্যৎ নিয়ে কথা এড়িয়ে যান, তবে বুঝতে হবে তিনি মানসিকভাবে সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।”
আবেগীয় দূরত্ব তৈরি হওয়া
আগে যিনি সারাদিনের অনুভূতি শেয়ার করতেন বা ভালোবাসা প্রকাশ করতেন, তিনি যদি হঠাৎ আবেগীয়ভাবে দূরে সরে যান এবং যোগাযোগ কমিয়ে দেন, তবে সেটা সম্পর্কের গভীর সংকটের ইঙ্গিত দেয়।
কথা ও কাজের মাঝে অমিল
থেরাপিস্ট লেসলি ডোয়ারেস বলেন, “সত্য বলা সহজ, তবে মিথ্যা মনে রাখা কঠিন।’
সঙ্গী কোথায় যাচ্ছেন বা কার সঙ্গে আছেন- এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে বা তার দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব প্রমাণের অমিল পাওয়া গেলে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে।
প্রশ্ন করলে আত্মরক্ষামূলক বা আক্রমণাত্মক আচরণ
কোনও পরিবর্তনের কারণ জানতে চাইলে নির্দোষরা সাধারণত সহমর্মিতার সঙ্গে সঙ্গীর দুশ্চিন্তা দূর করার চেষ্টা করেন। কিন্তু প্রতারক ব্যক্তিরা নিজের দোষ ঢাকতে উল্টো রেগে যান বা ‘গ্যাসলাইটিং’-এর মাধ্যমে সঙ্গীকেই মানসিকভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত উপহার দেওয়া
ডা. পল কোলম্যান বলেন, “নিজের প্রতারণা ঢাকতে এবং সঙ্গীর মনে বিশ্বাস জন্মাতে প্রতারকেরা অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি উপহার বা সারপ্রাইজ দিয়ে থাকেন, যাতে সঙ্গী মনে করেন যে মানুষটি তাকে এত ভালোবাসেন তিনি কখনও প্রতারণা করতে পারেন না।”
হঠাৎ অতিরিক্ত সমালোচনামূলক হয়ে ওঠা
মনস্তত্ত্বের ‘কগনিটিভ ডিসোন্যান্স’ তত্ত্ব অনুযায়ী, প্রতারণা করা অন্যায় জেনেও যখন কেউ সেটা করেন, তখন তার ভেতরে তীব্র মানসিক অস্থিরতা তৈরি হয়।
এই মানসিক চাপ কমাতে প্রতারক ব্যক্তি নিজের কাজকে সঠিক প্রমাণ করার জন্য, সঙ্গীর প্রতিটি বিষয়ে অকারণে খুঁত ধরতে শুরু করেন।
ব্যাখ্যাতীত আর্থিক লেনদেন
ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনও কারণ ছাড়া বড় অঙ্কের টাকা তোলা বা অচেনা খাতে খরচের হিসাব পাওয়া গেলে সেটা পরকীয়া বা জুয়ার আসক্তির লক্ষণ হতে পারে।
এ বিষয়ে সরাসরি জানতে চাইলে, উত্তরের যৌক্তিকতা যাচাই করা উচিত।
উল্টো সঙ্গীকেই প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা
নিজের অপরাধ আড়াল করতে এবং সঙ্গীকে আত্মরক্ষামূলক অবস্থানে ঠেলে দিতে প্রতারকেরা অনেক সময় উল্টো সঙ্গীর চরিত্র নিয়েই সন্দেহ প্রকাশ করেন। ফলে সঙ্গী নিজের সন্দেহের কথা বলার সুযোগ হারান এবং প্রতারক ‘চিন্তা করার জন্য একা সময় দরকার’ অজুহাতে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ পান।
দৈনন্দিন রুটিনে আকস্মিক পরিবর্তন ও নজরদারি
নতুন কোনও প্রজেক্ট বা পদোন্নতি ছাড়াই হঠাৎ নিয়মিত ‘অফিসে দেরি হওয়া’ প্রতারণার লক্ষণ হতে পারে।
অন্যদিকে, আগে কখনও খোঁজ না নিলেও এখন যদি সঙ্গী সারাক্ষণ আপনার অবস্থান ও রুটিন নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখান, তবে বুঝতে হবে তিনি চোখ এড়িয়ে অন্য কারও সঙ্গে পরিকল্পনা সাজাচ্ছেন।
নিজের ভেতরের সহজাত অনুভূতি বা ‘গাট ফিলিং’
সামান্থা বার্নস বলেন, “মানুষের সহজাত অন্তর্দৃষ্টি বা ‘ইনট্যুইশন’ সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে। যদি কোনও স্পষ্ট প্রমাণ ছাড়াও মন বারবার সংকেত দেয় যে, সম্পর্কের মাঝে কিছু একটা ঠিক নেই, তবে সেই অনুভূতিকে অবহেলা করা উচিত নয়।”
সন্দেহ হলে করণীয়
বিশেষজ্ঞদের মতে, কোনও প্রমাণ বা লক্ষণ চোখে পড়লে আবেগের বশে চিৎকার না করে একটি শান্ত সময়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলা উচিত।
সামান্থা বার্নস বলেন, “নিজের উদ্বেগের জবাবে সঙ্গী কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি যদি শান্তভাবে আপনার ভয় দূর করার চেষ্টা করেন, তবে সম্পর্ক মেরামত করা সম্ভব।
তবে উল্টো আপনাকেই বা সঙ্গীকে দোষারোপ করেন বা রেগে যান এবং এই আচরণ দীর্ঘস্থায়ী হয়, তবে ‘কাপলস কাউন্সেলিং’ নেওয়া যেতে পারে। অথবা আত্মসম্মান বজায় রেখে সম্পর্ক থেকে সরে আসার কথা বিবেচনা করা উচিত।
