১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীর মিথ্যা কথা ধরার ১০ উপায়

প্রেমের সম্পর্ক বা দাম্পত্যে সঙ্গীর গোপনীয়তা ও প্রতারণা শনাক্ত করার জন্য রয়েছে মনস্তাত্ত্বিক মাপকাঠি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 02:09 PM

Updated : 15 Nov 2026, 02:09 PM

প্রেমের সম্পর্ক বা দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সত্যবাদী ও সৎ থাকা জরুরি।

তবে সঙ্গী কি সত্য কথা বলছেন বা কোনও কিছু লুকাচ্ছেন কি-না, সেসব নিয়ে মনে সন্দেহ তৈরি হলে সম্পর্কে মানসিক শান্তি নষ্ট করে।

মনস্তত্ত্ববিদদের মতে, ঘনিষ্ঠ সম্পর্কে যুগলেরা শুধু জীবনের ঘটনা নয়, বরং নিজেদের দুর্বলতা ও ভবিষ্যতের স্বপ্নগুলোও ভাগ করে নেন; তাই এখানে মিথ্যা বা গোপনীয়তা একবার শুরু হলে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

মনস্তাত্ত্বিক সাময়িকী ‘সাইকোলজি টুডে’তে প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্ট’-এর মনস্তত্ত্ব ও মস্তিস্কবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সুসান ক্রাউস হুইটবোর্ন সম্পর্কের মিথ্যাচার শনাক্ত করার নতুন বৈজ্ঞানিক মাপকাঠি তুলে ধরেছেন।

ডেনমার্কের ‘ইউনিভার্সিটি অব কোপেনহেগেন’-এর গবেষক রাচেল মাজিনি ও তার সহকর্মীদের পরিচালিত এবং ‘ইউরোপিয়ান জার্নাল অব সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট’-এ প্রকাশিত এই গবেষণায় প্রায় ৯০০ অংশগ্রহণকারীর তথ্য বিশ্লেষণ করে ঘনিষ্ঠ সম্পর্কে অসততা পরিমাপের ১০টি সূচক বা প্রশ্ন তৈরি করা হয়েছে।

সম্পর্কের অসততা ও বিশ্বস্ততা যাচাইয়ের ১০টি সূচক

গবেষকদের তৈরি এই মাপকাঠির প্রথম ৬টি বিষয় সাধারণ প্রতারণা বা তথ্য গোপন করা এবং শেষ ৪টি বিষয় পরকীয়া বা বিশ্বস্ততা ভঙ্গের প্রবণতা নির্দেশ করে।

অস্বাভাবিকতা লুকানো: সঙ্গীর সঙ্গে কথা বলার সময় তার ভেতরে কোনও সমস্যা বা অস্থিরতা চলার পরও, এমন আচরণ করা যেন কিছুই ঘটেনি।

ছোটখাটো মিথ্যা বলা: তুচ্ছ বিষয়ে এমন মিথ্যা বলা, যা শুনলে সঙ্গী সাময়িকভাবে খুশি হবেন বা ভালো বোধ করবেন বলে মনে করা হয়।

অনুভূতি বাঁচানোর অজুহাতে মিথ্যা: সঙ্গীকে কষ্ট দেওয়া এড়াতে বা তাকে রক্ষা করার অজুহাতে মাঝেমধ্যে সত্য গোপন করা।

অনুভূতির স্বচ্ছতার অভাব: কোনও নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে নিজের প্রকৃত অনুভূতি বা অভিজ্ঞতা সঙ্গীর কাছে খোলামেলাভাবে প্রকাশ না করা।

তথ্যের বিস্তারিত বাদ দেওয়া: সঙ্গীকে কোনও ঘটনার কথা বলার সময় ইচ্ছাকৃতভাবে গুরুত্বপূর্ণ কিছু অংশ বা বিবরণ লুকিয়ে যাওয়া।

গোপনীয়তা বজায় রাখা: সঙ্গীর কাছ থেকে ব্যক্তিগত বা সম্পর্কবিষয়ক কোনও তথ্য আড়াল করে রাখা।

প্রতারণার চিন্তা করা: মাঝেমধ্যে বর্তমান সঙ্গীর সঙ্গে প্রতারণা করা বা ঠকানোর কথা মনে আসা।

অন্য কারও প্রতি শারীরিক আকর্ষণ: সঙ্গীর বাইরে অন্য কোনও ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা ভাবা।

অবিশ্বস্ততার কল্পনা: সঙ্গীর প্রতি অবিশ্বস্ত হওয়ার স্বপ্ন বা কল্পনা করা।

আবেগীয় জড়িয়ে পড়া: সঙ্গী ছাড়া অন্য কারও সঙ্গে মানসিকভাবে বা আবেগীয়ভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হওয়া।

সঙ্গীর আচরণ যেভাবে পর্যবেক্ষণ করা যায়

ড. সুসান ক্রাউস হুইটবোর্নের মতে, “এই প্রশ্নগুলো সরাসরি সঙ্গীর হাতে দিয়ে উত্তর চাইতে হবে না; বরং দৈনন্দিন আচরণের মাধ্যমে এগুলো মিলিয়ে দেখা যায়।”

সঙ্গী কি গল্প বলার সময় কিছু তথ্য এড়িয়ে যান? বা সম্পর্ককে পরবর্তী ধাপে নেওয়ার ব্যাপারে কেবল খুশি করার জন্য ফাঁকা প্রতিশ্রুতি দেন?

মনস্তত্ত্ববিদদের মতে, অনুভূতি বাঁচানোর নামে বলা এই ‘প্রতিশ্রুতিমূলক মিথ্যা’ সম্পর্কের জন্য বড় বিপৎসংকেত।

এছাড়া সামাজিক অনুষ্ঠানে আপনাকে এড়িয়ে অন্য কারও অতিরিক্ত প্রশংসা করা, ইঙ্গিতপূর্ণ রসিকতা বা বারবার ‘বন্ধুত্বপূর্ণ’ আড্ডার অজুহাতও অবিশ্বস্ততার সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে।

সম্পর্কে পারস্পরিক বিশ্বাস ও মানসিক তৃপ্তি ধরে রাখতে এই সূচকগুলোর মাধ্যমে বাস্তবতা যাচাই করে নেওয়া যায় বলে মন্তব্য করেন, ড. সুসান।

পুরনো খবর:

মিথ্যা বলার শারীরিক কুফল
সন্তানের মিথ্যা কথা চিহ্নিত করার কৌশল
সঙ্গী বিশ্বাসঘাতক হওয়ার মানসিক লক্ষণ