সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
শনিবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া এলাকায় মেঘনা সেতুর পাশে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসাদুজ্জামান ছোটন (৩০) গ্রামের বাড়ি রংপুরে। তার বাবার নাম আশেক আলী। দুই ভাইয়ের মধ্যে ছোটন ছিলেন ছোট। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকাতেই পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।
ছোটনকে হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী মাহমুদুল হাসান বলেন, “আমরা একই কুরিয়ার সার্ভিসে কাজ করি। তবে আমাদের আলাদা এরিয়া। দুপুর ১টার দিকে ছোটন মোটরসাইকেল চালিয়ে মেঘনা সেতুর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
“পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং আমাদের অফিসে ঘটনাটি জানায়। আমরা সেই হাসপাতালে গিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ওই বাসটিকে আটক করেছে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে।
