১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে এমপি নুসরাতের জিডি

জিডিতে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে হুমকি আসার কথা বলা হয়েছে, বলেন কলাবাগান থানার ওসি।

প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে এমপি নুসরাতের জিডি

নুসরাত তাবাসসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:25 PM

Updated : 15 Nov 2026, 09:36 PM

প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে পাঁচ দিন আগে জিডি করেছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

গত মঙ্গলবার কলাবাগান থানায় অনলাইনের মাধ্যমে এই জিডি করেন বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেত্রী।

জিডি হওয়ার তথ্য দিয়ে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “জিডিতে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।”

গত বুধবার রাতে নুসরাতের পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপি নেতারা অভিযোগ করে আসছেন।

তবে ঘটনার পরের দিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

“ইলেকট্রিক ওয়্যারিং পুরনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।”

শুক্রবার পোড়া বাড়িটি পরিদর্শন করেন পল্লী বিদ্যুতের কুষ্টিয়া জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক।

তার দাবি, তিনি ঘটনাস্থলে গিয়ে মিটার, তার এবং মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করেছেন। তাতে শর্টসার্কিটের কোনো প্রমাণ মেলেনি।