২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

নিউ গিনিতে হামলা: বিবাদীদের বিরুদ্ধে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

"অধিকতর তদন্তের অনুমতি চেয়ে জিডি আদালতে পাঠানো হয়েছে,” বলেন ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 01:23 AM

Updated : 21 Oct 2026, 01:23 AM

ঢাকায় নিউ গিনি প্রোপার্টিজের প্রকল্পে হামলা-ভাঙচুরের মামলার বিবাদীদের বিরুদ্ধে জিডি হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।

জিডিতে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন প্রোপার্টিজের মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।

শনিবার তিনি জিডি করেছেন বলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মাদ রুহুল কবীর খান জানিয়েছেন।

তিনি বলেন, "চারজনের বিরুদ্ধে জিডি করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।"

ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকতর তদন্তের অনুমতি চেয়ে জিডি আদালতে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"

তবে কাদের নামে জিডি করা হয়েছে সে ব্যাপারে তিনি তথ্য না দিয়ে বলেন, "যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তাদের নাম এ মুহূর্তে আমার কাছে নেই। পরে জানাতে পারব।"

জিডির বরাতে পুলিশ বলছে, হুমকি পাওয়ার দিন সকালে ইসিবি চত্বরের কাছে নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গে আসামি শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম ও বাবুলসহ কয়েকজনের দেখা হয়।

এ সময় তারা নাজিমুদ্দিন ভূঁইয়াকে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেযন।

ওসি গিয়াস উদ্দিন বলেন, এ মামলার কয়েকজন আসামি বর্তমানে জামিনে রয়েছেন।

ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে ২৭ সেপ্টেম্বর রাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

হামলা হয় আবাসন প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায়। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওর নাম আছে।

ঘটনার পর পুলিশের তরফে বলা হয়, জমি নিয়ে একজন আবাসন নির্মাতা এবং এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধের জেরে এ হামলা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় মামলা করেন নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, যেখানে আসামির তালিকায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম আছে; অজ্ঞাতনামা আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে।