২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

গোপনে রেকর্ড করা ওপেনএআই কর্মীর সৌদি সংযোগের অভিযোগ

আলফোজানের কম্পিউটারে শত শত অডিও ফাইল পেয়েছেন কর্তৃপক্ষ, যার মধ্যে রয়েছে ২০২৬ সালের সেপ্টেম্বরজুড়ে ওপেনএআইয়ে হওয়া বিভিন্ন বৈঠকের রেকর্ড।

গোপনে রেকর্ড করা ওপেনএআই কর্মীর সৌদি সংযোগের অভিযোগ

ওপেনএআইয়ের নির্বাহী সভা কক্ষের একটি টেলিভিশনের পেছনে রেকর্ডিং ডিভাইস খুঁজে পাওয়ার পর গেল অক্টোবরে গ্রেপ্তার হন আলফোজান। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 06:08 PM

Updated : 24 Nov 2026, 06:08 PM

ওপেনএআইয়ের সদর দপ্তরে গোপনে বৈঠক রেকর্ডের অভিযোগে গ্রেপ্তার সাবেক কর্মী আবদুর রহমান আলফোজানের জামিন না দিতে আদালতে আবেদন করেছেন প্রসিকিউটররা।

তাদের দাবি, ‘সৌদি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল’ তার।

যুক্তরাষ্ট্রে তার সম্পর্কে আইনী জটিলতা তৈরি হওয়ায় তিনি নিজ দেশ সৌদি আরবে ফিরে যাওয়ার চেষ্টা করতে পারেন– এমন যুক্তি দেখিয়ে আলফোজানের জামিনের আবেদন নাকচ করতে আদালতে আবেদন জমা দিয়েছেন প্রসিকিউটররা।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আবেদনে তার বিরুদ্ধে সৌদি সরকারের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগ তোলা হয়েছে।

প্রসিকিউটররা বলেছেন, আলফোজানের কম্পিউটারে শত শত অডিও ফাইল পেয়েছেন কর্তৃপক্ষ, যার মধ্যে কয়েক ডজন ছিল ২০২৬ সালের সেপ্টেম্বরজুড়ে ওপেনএআইয়ে হওয়া বিভিন্ন বৈঠকের রেকর্ড।

তাদের ভাষ্য, এসব রেকর্ডের অনেকগুলোতে ‘সম্ভাব্য বাণিজ্যিক গোপন তথ্য’ ছিল ও তিনি সেগুলোর কিছু ড্রপবক্সে আপলোড করেছিলেন।

আলফোজান এসব রেকর্ডের এআই-নির্ভর প্রতিলিপিও তৈরি, তারিখ অনুযায়ী সেগুলো শ্রেণিবদ্ধ ও কনটেন্টের ভিত্তিতে ফাইলগুলোর নাম পরিবর্তন করেছিলেন।

নির্বাহী সম্মেলন কক্ষের একটি টেলিভিশনের পেছনে রেকর্ডিং ডিভাইস খুঁজে পাওয়ার পর গেল অক্টোবরে গ্রেপ্তার হন আলফোজান। ওই দিনই তাকে চাকরিচ্যুত করে ওপেনএআই।

রেকর্ডগুলোর পাশাপাশি কর্তৃপক্ষ আলফোজানের ফোনে ‘গোপন’ হিসেবে চিহ্নিত ‘কৌশলগত অংশীদারত্ব’ সংক্রান্ত নথির ছবিও পেয়েছে।

তবে সৌদির স্বার্থে কোম্পানির বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগ অস্বীকার করেছেন ওপেনএআইয়ের ওই সাবেক কর্মী। নিজের জন্য ১০ লাখ ডলারের জামিন নির্ধারণ করতে আদালতের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, আরও গুরুতর অভিযোগের পক্ষে প্রমাণ ছাড়া তাকে হেফাজতে রাখা উচিত কি না তা নিয়ে এরইমধ্যে সংশয় প্রকাশ করেছেন মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক ভিন্স সাবরিয়া।

মঙ্গলবার স্যান ফ্রান্সিসকোতে তার বন্ডের আবেদন শুনবে আদালত।

পুরনো খবর:

ওপেনএআই অফিসে তিনি গোপনে অডিও রেকর্ডার বসিয়েছিলেন