Published : 06 May 2026, 12:24 PM
নেত্রকোণায় নিখোঁজের একদিন পর একটি পরিত্যক্ত ধানক্ষেত থেকে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কলমাকান্দা থানার পাগলা এলাকার সনুড়া জসিউড়া গ্রাম থেকে শিশুটির লাশ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করা হয় বলে কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন জানিয়েছেন।
ছয় বছর বয়সী শিশু জান্নাতুল সনুড়া জসিউড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি সিদ্দিক হোসেন বলেন, শিশুটি সোমবার বিকাল থেকে নিখোঁজ ছিল। ওইদিনই পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে কলমাকান্দা থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়।
ওসি সিদ্দিক বলেন, শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি।