১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

এজেআর ‍কুরিয়ারের গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলনেতা ‘তেরেনাম’ বাবুসহ ৩ জন কারাগারে

মোটরসাইকেলে দুই ডজন ব্যক্তি এসে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়িতে হামলা ও বোমা ফাটিয়ে আগুন ধরিয়ে দেয়, অভিযোগ করা হয়েছে মামলায়।

এজেআর ‍কুরিয়ারের গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলনেতা ‘তেরেনাম’ বাবুসহ ৩ জন কারাগারে

ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 08:23 PM

Updated : 11 Nov 2026, 08:23 PM

এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম’ বাবুসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

কারাগারে যাওয়া অপর দুজন হলেন- মোহাম্মদ কামরুল হাসান আলমাছ ও মো. মনির।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মোহাম্মদপুর জোনাল টিমের ইন্সপেক্টর বাহালুল খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।

শুনানি নিয়ে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন রেখেছেন বলে এসআই মিজানুর রহমান জানিয়েছেন।

গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

মামলার বিবরণে বলা হয়, এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়ি মতিঝিল শাখা থেকে গত ৫ নভেম্বর জরুরি পার্সেল ও ডাক ডকুমেন্টস নিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে ২৪/২৬ জন মোটরসাইকেলে এসে গতিরোধ করে। তারা ইট, রড ও পাথর দিয়ে গাড়ির গ্লাস ভাঙতে থাকেন। তখন চালক রিপন মিয়া গাড়ি থেকে নিচে নামলে তাকে মারধর করা হয়। হামলা থেকে বাঁচতে তিনি পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে হামলাকারীরা গাড়িতে ককটেল ও পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। এতে বিভিন্ন পণ্য সামগ্রী পুড়ে ১ কোটি টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় গত ৭ নভেম্বর কুরিয়ার সার্ভিসটির গাড়িচালক রিপন মিয়া মোহাম্মদপুর থানায় মারধরসহ বিস্ফোরক আইনে মামলা করেন।

আরও পড়ুন-

এজেআর কুরিয়ারের পণ্যাগারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১১

মোটরবাইকে এসে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, চালককে মারধর

এজেআর কুরিয়ারে হামলা: সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি