এজেআর কুরিয়ারের পণ্যাগারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১১
পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই হাজারীবাগ, গজমহল, বউবাজার, তল্লাবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকেন।
রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান পণ্যাগারে (ওয়্যারহাউজ) হামলা, ভাঙচুর ও লুটপাটে যুক্ত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
গত কয়েক দিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মো. মোশাররফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তাদের কাছ থেকে বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
গত ২০ অক্টোবর সন্ধ্যায় মুখোশ ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে পণ্যাগারে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে সেখানে ভাঙচুর চালিয়ে গ্রাহকদের পার্সেল, ল্যাপটপ ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের ডিভিআর লুট করে নিয়ে যায় তারা।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লুট হওয়া চারটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) এবং হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ রেজাউল করিম (৩১), মো. পারভেজ (২৮), রোবাইয়াত ফেরদাউস (২৮), মো. সানজু (২২), মো. ইমরান আলী (৩০), মো. মাসুম হোসেন (৩৪), মাহিদুল ইসলাম (৩৩), আলিফ হোসেন লাবিব (২২), স্বপন মুন্সী (৩২), মো. মুন্না (২২) ও মাহির আহমেদ রজিন (১৯)।
পুলিশ বলেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই হাজারীবাগ, গজমহল, বউবাজার, তল্লাবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকেন।
তাদের গ্রামের বাড়ি বরিশাল, মাদারীপুর, নোয়াখালী ও রংপুরসহ দেশের বিভিন্ন জেলায়।
