অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, আরও দুজন গ্রেপ্তার
এ নিয়ে এই চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চাঁদপুর পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, মঙ্গলবার চট্টগ্রামের সন্দ্বীপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাদের চাঁদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের শ্রী শান্ত শীল (২৫) এবং আমানউল্যাহ ইউনিয়নের মিঠুন সূত্রধর (২৯)।
এ নিয়ে এই চক্রের মোট ১১ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন এই চক্রের ফেইসবুক পেজের প্রচার চালানো, পোস্ট বুস্ট করা ও ওয়েবসাইট তৈরিতে সহায়তা করতেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার এবং সিমসহ বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
