অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাগবে জেলা প্রশাসনের লাইসেন্স
চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা বন্ধে কঠোর জেলা প্রশাসন।
চাঁদপুরের ইলিশের সুনাম ব্যবহার করে অনলাইনে প্রতারণা ঠেকাতে এখন থেকে সেখানে অনলাইনে ইলিশ বিক্রি করতে জেলা প্রশাসনের নিবন্ধন বা লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
জেলা প্রশাসনের ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ করে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে লাইসেন্স সংগ্রহ করতে হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, “লাইসেন্সের আওতায় আনা হলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণার সুযোগ অনেকটাই বন্ধ হবে। এ লক্ষ্যে অনলাইনে ইলিশ বিক্রেতাদের নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের ইলিশের স্বাদ ও সুনাম অক্ষুণ্ণ রাখা, মূল্য নিয়ন্ত্রণ ও জেলার পরিচিতি সমুন্নত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ইলিশ বিক্রির নামে ভুয়া ফেইসবুক পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সঙ্গে অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার ঘটনায় এরইমধ্যে পুলিশ পদক্ষেপ নিয়েছে জানিয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
