শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
বাড়ির ভেতরে লাইসেন্সবিহীন মুদি দোকান চালিয়ে স্কুল শিক্ষার্থীদের কাছে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট বিক্রির অভিযোগে কুয়েতে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতের সংবাদমাধ্যম দ্য টাইমসে মঙ্গলবার প্রকাশিত এক খবরে বলা হয়, কুয়েত সিটির সাদ আল-আবদুল্লাহ এলাকায় দেশটির জেনারেল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন কর্মকর্তারা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
খবরে বলা হয়, একটি স্কুলের কাছাকাছি অবস্থিত ওই দোকানে অপ্রাপ্তবয়স্কদের কাছে ইলেকট্রনিক সিগারেট বিক্রির খবর পাওয়ার পর নিরাপত্তা কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। তথ্য যাচাইয়ের পর নিরাপত্তা কর্মকর্তারা সন্দেহভাজনদের কার্যক্রমের ওপর নজরদারি চালান। তারা কীভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ডার নিত, পণ্য প্রস্তুত করত এবং শেষে তা গ্রাহকদের কাছে পৌঁছে দিত সবই নজরদারি করা হয়।
প্রথম সন্দেহভাজন ব্যক্তিকে বাড়ির বাইরে স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাকি ৪ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় কর্মকর্তারা ৩৬ বাক্স ভর্তি ই-সিগারেট, ২১৯টি ছোট প্যাকেট তামাক এবং ১৭২২ কুয়েতি দিনার জব্দ করেন।
তদন্তের বরাতে খবরে বলা হয়, গ্রেপ্তারকৃতরা মিলিতভাবে ওই মুদি দোকানটি চালাতেন। তাদের প্রত্যেকের ওপর নির্দিষ্ট দায়িত্ব ছিল- যেমন দোকানের তদারকি করা, কার্যক্রম পরিচালনা করা, অর্থ সংগ্রহ, ফোনে অর্ডার নেওয়া, পণ্য প্রস্তুত করা এবং গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়া। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
