স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার চেয়ে রিট আবেদন
“নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় আছে।”
ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী রহিম উল্লাহ, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মুকশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রত্যাশী জুলহাস উদ্দিন এবং সৌদি আরবপ্রবাসী মোশারফ হোসেন ও মালদ্বীপপ্রবাসী তামজেদ উল্লাহ গত মঙ্গলবার এ আবেদন করেন।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব এবং স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং এ অধিকার নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হোক।
রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে গৃহীত পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২৭ অনুচ্ছেদ সংশোধন করে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করা হলেও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার কোনো ব্যবস্থা করেনি নির্বাচন কমিশন।
আবেদনে বলা হয়, ভোটাধিকার অংশগ্রহণমূলক গণতন্ত্রের ভিত্তি। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত রাখা সংবিধানের লঙ্ঘন। বর্তমান আবাসস্থলের ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না দেওয়া স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক।
আবেদনে বলা হয়, প্রবাসীদের সঙ্গে দেশের আইনি ও আবেগিক বন্ধনকে স্বীকৃতি দিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও তাদের ভোটাধিকার নিশ্চিত করা প্রয়োজন। জনজীবনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে ভোটাধিকার অস্বীকার করা সাংবিধানিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন।
রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার বলেন, “প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ না করতে পারাটা বাংলাদেশের গণতন্ত্রায়নের পথে একটা বিরাট বাধা। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাক চলচ্চিত্রের ভূমিকায় আছে। তারা এখনো পর্যন্ত কোনো জবাব দেয়নি। আমরা লিগ্যাল নোটিস পাঠিয়েছি, তারও কোনো জবাব দেয়নি।
“স্থানীয় নির্বাচনে সামান্য পরিমাণ টেকনোলজি ব্যবহার করলেই স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়ার উপযুক্ত ব্যবস্থাপনা রয়েছে। কিন্তু কেন করছেন না, এটি আমাদের কাছে সারপ্রাইজিং, মিস্টেরিয়াস এবং অনেকটাই পারপ্লেক্সিং।”
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পেছানোর আশঙ্কা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখনো যদি এই উদ্যোগ নেওয়া হয়, তাহলে অবশ্যই কোনো ধরনের কোনো হ্যাম্পার ছাড়াই নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।”
বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চে শিগগির রিট মামলাটির শুনানি হবে বলে জানান আইনজীবী শিশির মনির।
