তাইওয়ানের স্থানীয় ভোটেও চীনের চোখ
২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন যাচাই হবে এ ভোটের মাধ্যমে।
তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রধান নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা।
শনিবার স্থানীয় সময় সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) ভোট শেষ হওয়ার কথা। সন্ধ্যার দিকে ফল আসতে পারে।
নির্বাচনে প্রচারের মূল বিষয় ছিল স্থানীয় সমস্যা, যেমন পরিবহন ও পরিবেশ। এ ভোটের ফল চীন বিষয়ে তাইওয়ানের নীতিতে সরাসরি প্রভাব না ফেললেও নির্বাচনের দিকে সতর্ক নজর রাখছে বেইজিং।
রয়টার্স লিখেছে, আগামী ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জনসমর্থন যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে।
রাজধানী তাইপের মেয়র নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন। বেইজিংয়ের পুলিশ তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ কর্মকাণ্ডের অভিযোগে খুঁজছে।
চলতি মাসে শেন রয়টার্সকে বলেন, চীনের পুলিশ কখনো তার সঙ্গে যোগাযোগ করেনি।
তার ভাষ্য, যে দলই জয়ী হোক, তাইপের এ নির্বাচন চীনের চাপের মুখে গণতন্ত্রের জয় হিসেবে বিবেচিত হবে।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটির ওপর নিজেদের সার্বভৌমত্বের দাবি মেনে নিতে বেইজিং চাপ বাড়ালেও তা প্রত্যাখ্যান করে আসছে তাইপে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, দ্বীপটির আশপাশে চীনের ৩০টি সামরিক উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৬টি তাইওয়ান প্রণালির মধ্যরেখা অতিক্রম করে। যুদ্ধজাহাজের সঙ্গে এসব উড়োজাহাজ ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ চালায়।
এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাড়া দেয়নি।
তবে বৃহস্পতিবার মন্ত্রণালয়টি বলেছিল, তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া থামানো যাবে না। সুরক্ষা দিতে ‘বীর জনগণের সেনাবাহিনী’ রয়েছে—এমনটা মনে করলে তাইওয়ানের মানুষ আরও নিরাপদ বোধ করতে পারে।
চার বছর আগে সর্বশেষ স্থানীয় নির্বাচনে বড় জয় পেয়েছিল চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষপাতী কুওমিনতাং (কেএমটি)। দলটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ক্ষমতাসীন ডিপিপি পেয়েছিল পাঁচটি। বাকি তিনটিতে জয় পান অন্য দলের প্রার্থী ও স্বতন্ত্ররা।
শনিবারের ভোটের পর ২০২৮ সালের শুরুতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা জোরদার হবে।
বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে সংবিধান অনুযায়ী সর্বোচ্চ দুই মেয়াদের দ্বিতীয় মেয়াদে নির্বাচনে লড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে কেএমটি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। দলটির সম্ভাব্য প্রধান প্রার্থী হিসেবে মধ্য তাইওয়ানের তাইচুং শহরের মেয়র ও সাবেক সাংবাদিক লু শিউ-ইয়েনের নাম আলোচনায় রয়েছে।
কেএমটি ঐতিহ্যগতভাবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। অন্যদিকে চীনের সরকার লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে তার সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। লাইয়ের বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল দ্বীপটির জনগণের।
দুই প্রধান দলই তাইপে এবং দেশটির আরও পাঁচটি বড় শহরের নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়েছে।
সবচেয়ে আলোচিত লড়াই রাজধানী তাইপের মেয়র পদে। সেখানে কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডিপিপির প্রার্থী শেন। চীনের তথ্যযুদ্ধ নিয়ে বিশেষজ্ঞ শেন আগে শিক্ষাবিদ ছিলেন, পরে আইনপ্রণেতা হন।
এ ছাড়া তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে এবং দক্ষিণাঞ্চলের ঐতিহ্যগতভাবে ডিপিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কাওশিউংয়ের নির্বাচনেও বিশেষ নজর রয়েছে। নিউ তাইপে বর্তমানে কেএমটির দখলে। কাওশিউংয়ে এবার জোরেশোরে প্রচার চালিয়েছে দলটি।
